প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর ৩০তম প্রয়াণ দিবসে তাকে গভীর ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণ করেছেন একসময়ের ঢালিউড কুইন শাবনূর। রবিবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুরের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সালমান শাহর সঙ্গে একাধিক ছবি পোস্ট করে আবেগঘন একটি বার্তা দেন তিনি।
শাবনূর লিখেছেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান…।’
তিনি আরও লিখেছেন, এত বছর পেরিয়ে গেলেও সালমান শাহর স্মৃতি আজও তার হৃদয়ে অমলিন। পর্দার প্রিয় রাজপুত্র এবং মানুষের ভালোবাসার স্বপ্নের নায়ক সালমান আজও স্মৃতি ও ভালোবাসায় বেঁচে আছেন বলেও উল্লেখ করেন তিনি।
শাবনূরের ভাষায়, সালমান শাহর অকাল প্রয়াণে দেশের চলচ্চিত্র অঙ্গনে যে বিশাল শূন্যতা তৈরি হয়েছিল, তা আজও পূরণ হয়নি। সময়ের সঙ্গে প্রজন্ম বদলালেও তার জনপ্রিয়তা এবং অভিনয়ের মায়া মানুষের হৃদয়ে সমানভাবে জীবন্ত রয়েছে।
সালমান শাহকে স্মরণ করে শাবনূর লিখেছেন, ‘তোমার ৩০তম প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা ও অশেষ ভালোবাসা। যেখানেই আছো, ভালো থেকো প্রিয় সালমান শাহ। আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুন।’
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ। তার হঠাৎ মৃত্যু সে সময় পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল। মৃত্যুর তিন দশক পরও কমেনি এই অভিনেতার জনপ্রিয়তা।
মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে বাংলা চলচ্চিত্রে নিজের আলাদা অবস্থান তৈরি করেছিলেন সালমান শাহ। ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’, ‘প্রিয়জন’ ও ‘আনন্দ অশ্রু’সহ একের পর এক জনপ্রিয় সিনেমার মাধ্যমে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন তিনি।
মৃত্যুর তিন দশক পরও সালমান শাহ নতুন প্রজন্মের কাছেও সমান জনপ্রিয়। তার স্টাইল, মাথার ব্যান্ডেনা, চোখের সানগ্লাস, বাইক, কালো ঘন চুল ও মায়াবী হাসি এখনও দর্শকদের কাছে তাকে আলাদা করে রেখেছে।







