ক্যারিয়ারে সাফল্যের পাশাপাশি একাধিক অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে বলিউড অভিনেত্রী তাপসী পান্নুকে। কখনও ছবিতে চূড়ান্ত হওয়ার পরও তাকে বাদ দেওয়া হয়েছে। কখনও আবার সেই সিদ্ধান্তের স্পষ্ট কারণও জানানো হয়নি।
নায়কের স্ত্রীর পছন্দ না বলেও সিনেমা থেকে বাদ পড়তে হয়েছে তাপসীকে। সম্প্রতি নয়নদীপ রক্ষিতের সঙ্গে এক আলাপচারিতায় এই কথা বলেন তিনি।
অভিনেত্রীর কথায়, ইন্ডাস্ট্রিতে নতুন থাকায় শুটিংয়ের সময় অনেক বিষয়কেই তিনি কাজের স্বাভাবিক অংশ বলে মেনে নিয়েছিলেন। পরে ছবি মুক্তির পর বুঝেছেন, বিষয়গুলি সবসময় এতটা স্বাভাবিক ছিল না।
একটি ছবি থেকে তাকে বাদ দেওয়ার প্রসঙ্গে তাপসী জানান, ছবির জন্য তিনি নিজের শুটিংয়ের তারিখ দিয়ে দিয়েছিলেন। কিন্তু পরে তাকে সরিয়ে দেওয়া হয়। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল, তার কোনও নির্দিষ্ট কারণ তাকে জানানো হয়নি।
তাপসী বলেন, ‘আমাকে বলা হয়েছিল, ছবির নায়কই আমাকে সরিয়ে দিয়েছেন। ঈশ্বরই জানেন কারণটা কী। আমি বিভিন্ন কারণের কথা ভাবতে থাকি। তার নিরাপত্তাহীনতা থাকতে পারে, হয়তো এমন কাউকে চাইছিলেন যার সঙ্গে তিনি বেশি ঘনিষ্ঠ। আমি অনেক কারণই ভাবতে পারি। কিন্তু আমাকে কোনও নির্দিষ্ট কারণ জানানো হয়নি। শুধু বলা হয়েছিল, তিনি আমাকে ছবিতে চান না। কারণ জানতে চাইতেই আমি বারবার প্রশ্ন করতে থাকি।’
তবে এই প্রথম নয়, এর আগেও ছবি থেকে বাদ পড়ার অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন তাপসী। ২০২১ সালে সিদ্ধার্থ কাননের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, একটি ছবির জন্য তাকে চূড়ান্ত করা হয়েছিল। পরে তাকে সরিয়ে দেওয়া হয় এবং বিষয়টি তিনি সংবাদমাধ্যমের কাছ থেকেই জানতে পারেন।
তাপসী জানিয়েছিলেন, পরে তাকে ফোন করে ক্ষমা চাওয়া হলেও, কেন তাকে বাদ দেওয়া হয়েছিল, সেই আসল কারণ জানাতে নির্মাতারা তখনও দ্বিধায় ছিলেন। ঘটনাটি ‘পতি পত্নী অউর ওহ’ ছবির সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। পরে ছবিতে অভিনয় করেন কার্তিক আরিয়ান, ভূমি পেডনেকর এবং অনন্যা পাণ্ডে।
সেই সময় তাপসী প্রকাশ্যেই তাকে ছবি থেকে বাদ দেওয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যদিও প্রযোজকদের পক্ষ থেকে বলা হয়েছিল, ওই চরিত্রের জন্য বেশ কয়েকজন অভিনেত্রীর কথা ভাবা হয়েছিল এবং তাপসীর সঙ্গে কোনও চূড়ান্ত চুক্তি হয়নি।
তাপসীর ক্যারিয়ারে ছবি থেকে বাদ পড়ার সবচেয়ে অস্বস্তিকর কারণগুলির মধ্যে একটি ছিল নায়কের স্ত্রীকে ঘিরে।
অভিনেত্রী বলেন, ‘আমাকে ছবি থেকে বাদ দেওয়ার সবচেয়ে খারাপ কারণ যেটা বলা হয়েছিল, তা হল, ‘নায়কের স্ত্রী আপনাকে পছন্দ করেন না।’ আমি জানি না, কেন তিনি আমাকে পছন্দ করতেন না।’
তাপসী পান্নুকে শেষবার দেখা গিয়েছে নেটফ্লিক্সের ছবি ‘গান্ধারী’-তে। ছবিটি ২০২৬ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে।
সম্পদের পরিমাণ কমেছে, তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ