মালয়ালম সিনেমায় ফিরেছেন অভিনেতা দুলকার সালমান। এরমধ্যে তার অভিনীত অ্যাকশন-থ্রিলার ‘আই অ্যাম গেম’ মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। বক্স অফিসেও সিনেমাটি প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। বুধবার (৭ অক্টোবর) সিনেমাটির ব্যর্থতার জন্য তার প্রযোজনা প্রতিষ্ঠান ওয়েফেয়ার ফিল্মসকে দায়ী করে এক ভক্তের করা অভিযোগের জবাব দিয়েছেন অভিনেতা। পাশাপাশি নিজের প্রযোজনা দলের পক্ষেও কথা বলেছেন তিনি।
এক ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দুলকারের প্রযোজনা প্রতিষ্ঠান ওয়েফেয়ার ফিল্মসের সমালোচনা করে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘আই অ্যাম গেম’ মুক্তির পর তিনি একটি দীর্ঘ পোস্ট দিয়েছিলেন, যা পরে মুছে ফেলেন। ওই পোস্টে ওয়েফেয়ার ফিল্মস কীভাবে সিনেমাটির কাজে ভুল করেছে, তা ব্যাখ্যা করেছিলেন বলে দাবি করেন তিনি।
জবাবে দুলকার সালমান জানান, তিনি ওই বিশ্লেষণ পড়েছেন। তবে পুরো দায় কোনও একটি দলের ওপর চাপাতে রাজি নন তিনি।
অভিনেতা বলেন, ‘আমি এটা পড়েছি। আপনার বিশ্লেষণ ভুল ছিল, এমনটা বলছি না। বেশির ভাগ ক্ষেত্রেই আপনি ঠিক বলেছেন। আর বিশ্বাস করুন, আমরা এসবের সবই জানি। কিন্তু অনেক সময় আমাদের দিক থেকে সবকিছু ঠিকঠাক করার পরও বাইরের কিছু বিষয় বা পরিস্থিতি পুরো বিষয়টাকে অন্যদিকে নিয়ে যেতে পারে।’
তিনি আরও বলেন, ‘কোনও সিনেমার চূড়ান্ত ফলাফল বিশ্লেষণ করা সহজ। কিন্তু একটি সিনেমা তৈরি করতে ২০০ থেকে ৩০০ মানুষের প্রয়োজন হয়। বিষয়টি কখনোই সহজ নয়। এটাকে কোনও নির্দিষ্ট সূত্র বা একাডেমিক নিয়মে বিচারও করা যায় না। বিশ্বজুড়ে কোনও প্রযোজনা প্রতিষ্ঠান বা অভিনেতা ইচ্ছা করে ভুল বা খারাপ সিনেমা বানাতে চান না।’
নিজের দলের পাশে থাকার কথা জানিয়ে দুলকার বলেন, ‘জীবনে কি সবকিছু আপনার পরিকল্পনা অনুযায়ী হয়েছে? তাহলে এমন একটি প্রতিষ্ঠানের কথা ভাবুন, যেটি নিজস্ব দল এবং একাধিক বাইরের দলের সঙ্গে কাজ করে। আমি সবসময় আমার দলের পাশে থাকবো। আর যদি কাউকে দোষ দিতে চান, তাহলে আমাকে দিতে পারেন।’
‘আই অ্যাম গেম’ মুক্তির দিন থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সিনেমাটির কনটেন্ট দেরিতে পাওয়া, প্রদর্শনীসংক্রান্ত সমস্যা, শো বাতিলসহ বিভিন্ন অভিযোগ সামনে আসে।
নাহাস হিদায়াথ পরিচালিত ‘আই অ্যাম গেম’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন দুলকার সালমান। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অ্যান্টনি ভার্গিস, মাইস্কিন, কায়াদু লোহার, সাম্যুক্তা বিশ্বনাথন, কাঠির, বিনয় ফোর্ট ও পার্থ তিওয়ারি।
শাহরুখকে কী উপদেশ দিয়েছিলেন নানা পাটেকর, জানালেন নিজেই