বয়স বাড়লেও কাজের ব্যস্ততা আর শরীরচর্চার রুটিনের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন অমিতাভ বচ্চন। তবে সম্প্রতি ঘুমের সমস্যা এবং নিয়মিত জিমে যেতে না পারার কথা জানিয়েছেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা। ৮৩ বছর বয়সে শরীরকে সক্রিয় ও সুস্থ রাখার চ্যালেঞ্জের কথাও নিজের ব্লগে তুলে ধরেছেন তিনি।
ঘুমের সমস্যা নিয়ে অমিতাভ জানিয়েছেন, ইন্টারনেটে ঘুম আনার জন্য নানা ধরনের শারীরিক কৌশলের কথা পাওয়া যায়। সেগুলির কয়েকটি চেষ্টা করেও বিশেষ ফল পাননি তিনি। শেষ পর্যন্ত স্বাভাবিক উপায়েই ঘুমানোর সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। নিজের ব্লগে মজার ছলে লিখেছেন, বিছানার চাদর বা কম্বলের মধ্যে গুটিসুটি হয়ে শুয়ে পড়তে হবে, অনেকটা মায়ের গর্ভে থাকা ভ্রূণের মতো। তাঁর মতে, এভাবেই ঘুমের দেশে পৌঁছনো সহজ। ঘুম আসার আগে হাই তোলার কথাও উল্লেখ করেছেন তিনি।
শুধু ঘুম নয়, শরীরচর্চার রুটিন নিয়েও কিছুটা সমস্যায় রয়েছেন অমিতাভ। কাজের ব্যস্ততা এতটাই বেড়েছে যে নিয়মিত জিমে যাওয়া সম্ভব হচ্ছে না। তাঁর কথায়, কাজের চাপ শরীর ও মন দু’য়ের উপরই প্রভাব ফেলে। ফলে শরীরের দিকে আগের চেয়ে বেশি নজর দেওয়া প্রয়োজন হয়ে পড়েছে। জিমের অনিয়মিত রুটিন আবার আগের ছন্দে ফেরানোর চেষ্টা করছেন তিনি।
বয়স বাড়ার সঙ্গে শরীরের চাহিদাও যে বদলে যায়, তা স্বীকার করেছেন অভিনেতা। তাঁর কথায়, মন অনেক সময় শরীরচর্চার জন্য প্রস্তুত থাকলেও শরীর যেন বলে, ‘একটু থামো’। ‘ডোন্ট লেট দ্য ওল্ড ম্যান ইন’—অর্থাৎ নিজের মধ্যে বার্ধক্যকে জায়গা করে দিও না—এই কথাটির উল্লেখ করে অমিতাভ জানিয়েছেন, বয়সের অজুহাতে থেমে গেলে চলবে না। শরীরের সীমাবদ্ধতা বুঝে চেষ্টা চালিয়ে যাওয়াই তাঁর মন্ত্র। তবে কাজটি বলা যত সহজ, বাস্তবে তা করা ততটাই কঠিন।
কাজের দিক থেকে বর্তমানে ‘কৌন বানেগা ক্রোড়পতি’র ১৮তম সিজনের সঞ্চালনা করছেন অমিতাভ বচ্চন। পাশাপাশি আগামী দিনে প্রভাস ও কমল হাসানের সঙ্গে ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েলেও দেখা যাবে তাঁকে।