জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে আটক রাখার আবেদন করেছে ডিবি পুলিশ। মামলার এজাহারনামীয় ২১৬ নং আসামি তিনি।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের সাব-ইন্সপেক্টর মুর্শিদুল আলম এ আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জানান, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে এ বিষয়ে শুনানি হবে।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উত্তরা বিভাগের একটি দল বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালায়। সেখান থেকে জ্যোতিকে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাদের ওপর গুলি চালানো হয়। এনামুল হকের পায়ে গুলি লাগে। তিনি হাসপাতালে চিকিৎসা নেন।
পরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেন এনামুল হক।
মামলায় অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খান, জ্যোতিকা জ্যোতিসহ ১৭ জন তারকাকেও আসামি করা হয়। মামলায় এসব অভিনেতা-অভিনেত্রীদের বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
মামলায় অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া জামিনে রয়েছেন।
‘আলো আসবেই’ গ্রুপের জ্যোতিকা জ্যোতির শোবিজে যাত্রা শুরু যেভাবে