অস্কার থেকে ছিটকে পড়লো বাংলাদেশ ও ‘লাপাতা লেডিস’

বিনোদন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২৪, ১১:৫৯আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৮:৪০

অস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলো না প্রতিবেশী দুই রাষ্ট্র বাংলাদেশ ও ভারত। ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের জন্য বাংলাদেশ থেকে ‘বলী’ ও ভারত থেকে আমির খান প্রযোজিত ‘লাপাতা লেডিস’ পাঠানো হয়েছিল। কিন্তু সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেতে ব্যর্থ হয়েছে ছবি দুটি।

৭৭তম কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান গ্রাঁ প্রিঁ জয়ী পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ বাদ দিয়ে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ পাঠায় ভারত। ১৩ সদস্যের বাছাই কমিটির প্রধান ছিলেন অসমিয়া নির্মাতা জানু বড়ুয়া। কিন্তু তাদের সিদ্ধান্ত যে ভুল সেটি প্রমাণ হয়ে গেলো। কয়েকদিন আগে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। যদিও আমির খান ও কিরণ রাও অস্কারকে সামনে রেখে বেশ কিছুদিন আমেরিকায় নিজেদের ছবির প্রচারণা চালিয়েছেন। চলতি মাসের শুরুতে অস্কারজয়ী পরিচালক আলফনসো কোয়ারন বাফটা অ্যাওয়ার্ডসের প্রচারণা হিসেবে ‘লাপাতা লেডিস’-এর একটি প্রদর্শনী সঞ্চালনা করেন। গ্রামীণ ভারতের নারীদের কেন্দ্র করে ছবিটির গল্প লিখেছেন বাঙালি লেখক-নির্মাতা বিপ্লব গোস্বামী।

লাপাতা লেডিস

এদিকে ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বলী’ (দ্য রেসলার) গত ২৮ সেপ্টেম্বর কানাডায় বাণিজ্যিকভাবে মুক্তি পেয়েছে। গত বছর দক্ষিণ কোরিয়ায় ২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নিউ কারেন্টস বিভাগের পুরস্কার জিতেছে বাংলাদেশের ছবিটি। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলাকে উপজীব্য করে নির্মিত ‘বলী’র গল্প মধ্যবয়সী মজুকে কেন্দ্র করে। তার চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। এছাড়া আছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, একেএম ইতমাম, তাহাদিল আহমেদ। 

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের জন্য বাংলাদেশের চলচ্চিত্র আহ্বান করার পর কেবল ‘বলী’ই জমা পড়েছিলো। এটি দেখার পর অস্কারের জন্য চূড়ান্ত করে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে গঠিত ৭ সদস্যের ৯৭তম অস্কার বাংলাদেশ কমিটি। এর চেয়ারম্যান ছিলেন নির্মাতা ড. মতিন রহমান।

আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সংক্ষিপ্ত তালিকা
•    আই অ্যাম স্টিল হিয়ার (ব্রাজিল)
•    ইউনিভার্সেল ল্যাঙ্গুয়েজ (কানাডা)
•    ওয়েভস (চেক রিপাবলিক)
•    দ্য গার্ল উইথ দ্য নিডল (ডেনমার্ক)
•    এমিলিয়া পেরেস (ফ্রান্স)
•    দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ (জার্মানি)
•    টাচ (আইসল্যান্ড)
•    নিক্যাপ (আয়ারল্যান্ড)
•    ভেরমিলিও (ইতালি)
•    ফ্লো (লাটভিয়া)
•    আরমান্ড (নরওয়ে)
•    ফ্রম গ্রাউন্ড জিরো (ফিলিস্তিন)
•    ডাহোমে (সেনেগাল)
•    হাউ টু মেক মিলিয়ন্স বিফোর গ্র্যান্ডমা ডাইজ (থাইল্যান্ড)
•    সন্তোষ (যুক্তরাজ্য)

‘এমিলিয়া পেরেস’ ছবিতে সেলেনা গোমেজ ও অন্যরা

সংক্ষিপ্ত তালিকায় শীর্ষে
৯৭তম অস্কারের ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা মঙ্গলবার (১৭ ডিসেম্বর) প্রকাশ করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে এবার বিবেচিত হয়েছে ৮৫টি দেশের ছবি। এরমধ্যে জায়গা পেয়েছে ১৫টি ছবি। এগুলো থেকে চূড়ান্ত মনোনয়ন পাবে পাঁচটি ছবি। 

আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের সংক্ষিপ্ত তালিকায় থাকা ছবিগুলোর মধ্যে চারটি চলচ্চিত্র অন্য কয়েকটি বিভাগেও জায়গা পেয়েছে। জ্যাক অদিয়াঁর পরিচালিত ‘এমিলিয়া পেরেস’ মৌলিক আবহ সংগীত, মৌলিক গান, শব্দ এবং মেকআপ ও হেয়ারস্টাইলিং বিভাগেও জায়গা পেয়েছে।

‘সন্তোষ’ ছবিতে শাহানা গোস্বামী

ভারত আছে, ভারত নেই!
ভারত না থেকেও আছে অস্কারের সংক্ষিপ্ত তালিকায়! দেশটির জাতীয় ভাষা হিন্দিতে নির্মিত ‘সন্তোষ’ যুক্তরাজ্য থেকে পাঠানো হয়। এটি জায়গা করে নিয়েছে সংক্ষিপ্ত তালিকায়। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ভারতীয় তারকা শাহানা গোস্বামী। ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের আঁ সাঁর্তে রিগা বিভাগে নির্বাচিত হয় যুক্তরাজ্য, ভারত, জার্মানি ও ফ্রান্সের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযোজনায় নির্মিত ছবিটি। এর গল্প বিধবা সন্তোষ সাইনিকে কেন্দ্র করে, যিনি স্বামীর মৃত্যুর পর তার পুলিশের চাকরিটি পান। এরপর এক তরুণীর হত্যা মামলার তদন্ত করতে দেওয়া হয় তাকে।

‘আনুজা’র দৃশ্যে সাজদা পাঠান

৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের সংক্ষিপ্ত তালিকায় থাকা ‘আনুজা’র অন্যতম প্রযোজক সুচিত্রা মাত্তাই, ক্রুষাণ নায়েক, শীতিজ সাইনি, নির্বাহী প্রযোজক গুনীত মঙ্গা কাপুর। প্রযোজকদের মধ্যে আরও আছেন ভারতীয় বাঙালি বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী মিন্ডি ক্যালিং। অ্যাডাম জে. গ্রেভস পরিচালিত ছবিটির গল্প ৯ বছরের বালিকা আনুজাকে কেন্দ্র করে, যে একটি পোশাক কারখানায় কাজ করে। তার সামনে একদিন স্কুলে যাওয়ার সুযোগ আসে। তখন একটি হৃদয়বিদারক সিদ্ধান্ত নিতে বাধ্য হয় সে, যার মাধ্যমে তার ও বোন পলকের ভাগ্য নির্ধারণ হবে। এতে অভিনয় করেছেন সাজদা পাঠান ও অনন্যা শানবাগ।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বিবেচিত হয়েছে ১৮০টি ছোট দৈর্ঘ্যের ছবি। এরমধ্যে সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছে ১৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এগুলো হলো– আনুজা, ক্লোডা, দ্য কম্প্যাট্রিয়ট, ক্রাস্ট, ডাভেকোট, এজ অব স্পেস, দ্য আইসক্রিম ম্যান, আই অ্যাম নট অ্যা রোবট, দ্য লাস্ট রেঞ্জার, অ্যা লিন, দ্য ম্যান হু কুড নট রিমেইন সাইলেন্ট, দ্য মাস্টারপিস, অ্যান অরেঞ্জ ফ্রম জাফা, প্যারিস ৭০ এবং রুম টেকেন। এরমধ্যে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সব শাখার সদস্যদের ভোটে চূড়ান্ত মনোনয়ন পাবে পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

প্রামাণ্য চলচ্চিত্র
এবারের আসরে এই বিভাগে বিবেচিত হয়েছে ১৬৯টি প্রামাণ্যচিত্র। অস্কারের প্রামাণ্যচিত্র শাখার সদস্যদের ভোটে সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছে ১৫টি প্রামাণ্যচিত্র। এগুলো হলো– দ্য বিবি ফাইলস, ব্ল্যাক বক্স ডায়েরিস, ডাহোমে, ডটার্স, ইনো, ফ্রিডা, হলিউড গেট, নো আদার ল্যান্ড, পর্সেলেন ওয়ার, কুইনডম, দ্য রিমার্কেবল লাইফ অব আইবেলিন, সাউন্ডট্র্যাক টু অ্যা ক্যু দিতা’, সুগারকেইন, ইউনিয়ন, উইল অ্যান্ড হারপার।

স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র
৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের এই বিভাগে বিবেচিত হয়েছে ১০৪টি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র। অস্কারের প্রামাণ্যচিত্র শাখার সদস্যদের ভোটে সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছে ১৫টি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র। এগুলো হলো– চেসিং রু, ডেথ বাই নাম্বার্স, এটারনাল ফাদার, আই অ্যাম রেডি ওয়ার্ডেন, ইনসিডেন্ট, ইনস্ট্রুমেন্টস অব অ্যা বিটিং হার্ট, কিপার, মেকেইলা’স ভয়েস: অ্যা লেটার টু দ্য ওয়ার্ল্ড, ওয়ান্স আপন অ্যা টাইম ইন ইউক্রেন, দ্য অনলি গার্ল ইন দ্য অর্কেস্ট্রা, প্লানেট ওয়াকার, দ্য কুইল্টার্স, সিট থার্টি ওয়ান: জোয়ি জেফার, অ্যা সুইম লেসন, আনটিল হি ইজ ব্যাক।

মৌলিক আবহ সংগীত ও মৌলিক গান
৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মৌলিক আবহ সংগীত বিভাগে বিবেচিত হয়েছে ১৪৫টি চলচ্চিত্র। এরমধ্যে অস্কারের সংগীত শাখার সদস্যদের ভোটে সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছে ২০টি চলচ্চিত্র। এগুলো হলো– অ্যালিয়েন: রোমিউলাস, বেবিগার্ল, বিটলজুস বিটলজুস (ড্যানি এলফম্যান), ব্লিঙ্ক টোয়াইস, ব্লিৎজ (হান্স জিমার), দ্য ব্রুটালিস্ট (ড্যানিয়েল ব্লুমবার্গ), চ্যালেঞ্জার্স (ট্রেন্ট রেজনোর, অ্যাটিকাস রস), কনক্লেভ, এমিলিয়া পেরেস, দ্য ফায়ার ইনসাইড, গ্ল্যাডিয়েটর টু, হরাইজন: অ্যান আমেরিকান সাগা চ্যাপ্টার ওয়ান, ইনসাইড আউট টু, নসফেরাটু, দ্য রুম নেক্সট ডোর, সিং সিং (ব্রাইস ডেসনার), দ্য সিক্স ট্রিপল এইট, উইকেড, দ্য ওয়াইল্ড রোবট (ক্রিস বাওয়ার্স), ইয়াং ওম্যান অ্যান্ড দ্য সি।

এবারের আসরের মৌলিক গান বিবেচিত হয়েছে ৮৯টি গান। এরমধ্যে অস্কারের সংগীত শাখার সদস্যদের ভোটে সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে ১৪টি গান। এগুলো হলো– উইন্টার কোট (ব্লিৎজ; নিকোলাস ব্রিটেল), কমপ্রেস/রিপ্রেস (চ্যালেঞ্জার্স; ট্রেন্ট রেজনোর, অ্যাটিকাস রস, লুকা গুয়াদানিনো), নেভার টু লেট (এলটন জন: নেভার টু লেট; ব্র্যান্ডি কার্লাইল, এলটন জন), এল মাল (এমিলিয়া পেরেস; ক্লেমোঁ দুকল, কামিল, জ্যাক অদিয়াঁর), মি কামিনো (এমিলিয়া পেরেস; ক্লেমোঁ দুকল, কামিল), সিক ইন দ্য হেড (নিক্যাপ), বিয়ন্ড (মোয়ানা টু), টেল মি ইট’স ইউ (মুফাসা: দ্য লায়ন কিং; লিন-মানুয়েল মিরান্ডা), পিস বাই পিস (পিস বাই পিস; ফ্যারেল উইলিয়ামস), লাইক অ্যা বার্ড (সিং সিং), দ্য জার্নি (দ্য সিক্স ট্রিপল এইট; ডায়েন ওয়ারেন), আউট অব অকলাহোমা (টুইস্টার্স; লেইনি উইলসন), কিস দ্য স্কাই (দ্য ওয়াইল্ড রোবট; ডিলেসি, জর্ডান কে. জনসন, স্টেফান জনসন, ম্যারেন মরিস, মাইকেল পোলেক, আলি ট্যাম্পোজি), হারপার অ্যান্ড উইল গো ওয়েস্ট (উইল অ্যান্ড হারপার)।

ভিজ্যুয়াল ইফেক্টস
সংক্ষিপ্ত তালিকায় ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগে রয়েছে ১০টি চলচ্চিত্র। ভিজ্যুয়াল ইফেক্টস শাখার নির্বাহী কমিটি এটি নির্বাচন করেছেন। এগুলো হলো– অ্যালিয়েন: রোমিউলাস, বেটার ম্যান, সিভিল ওয়ার, ডেডপুল অ্যান্ড উলভারিন, ডুন: পার্ট টু, গ্ল্যাডিয়েটর টু, কিংডম অব দ্য প্লানেট অব দ্য অ্যাপস, মুফাসা: দ্য লায়ন কিং, টুইস্টার্স, উইকেড। এর মধ্য থেকে ভিজ্যুয়াল ইফেক্টস শাখার সব সদস্যের ভোটে পাঁচটি চলচ্চিত্র চূড়ান্ত মনোনয়ন পাবে।

শব্দ বিভাগ
সংক্ষিপ্ত তালিকায় এই বিভাগে রয়েছে ১০টি চলচ্চিত্র। অ্যাকাডেমির শব্দ শাখার সব সদস্য এটি নির্বাচন করেছেন। এগুলো হলো– অ্যালিয়েন: রোমিউলাস, ব্লিৎজ, অ্যা কমপ্লিট আননোন, ডেডপুল অ্যান্ড উলভারিন, ডুন: পার্ট টু, এমিলিয়া পেরেস, গ্ল্যাডিয়েটর টু, জোকার: ফোলি য়া দ্যুঁ, উইকেড, দ্য ওয়াইল্ড রোবট। এর মধ্য থেকে শব্দ শাখার সদস্যদের ভোটেই পাঁচটি চলচ্চিত্র চূড়ান্ত মনোনয়ন পাবে।

মেকআপ ও হেয়ারস্টাইলিং
সংক্ষিপ্ত তালিকায় এই বিভাগে নির্বাচিত হয়েছে ১০টি চলচ্চিত্র। এগুলো হলো– দি অ্যাপ্রেন্টিস, বিটলজুস বিটলজুস, অ্যা ডিফারেন্ট ম্যান, ডুন: পার্ট টু, এমিলিয়া পেরেস, মারিয়া, নসফেরাটু, দ্য সাবস্ট্যান্স, ওয়াল্টজিং উইথ ব্র্যান্ডো, উইকেড। এর মধ্য থেকে অস্কারের মেকআপ শিল্পী ও হেয়ারস্টাইলিস্ট শাখার সব সদস্যের ভোটে চূড়ান্ত মনোনয়ন পাবে পাঁচটি চলচ্চিত্র।

অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
এবারের আসরে এই বিভাগে বিবেচিত হয়েছে ৮৮টি অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এরমধ্যে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অ্যানিমেশন শাখা ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার সদস্যদের ভোটে সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছে ১৫টি। এগুলো হলো– অয়েভোয়া মন মন্দে, অ্যা বেয়ার নেমড ওয়াজটেক, বিউটিফুল মেন, বোটল জর্জ, অ্যা ক্র্যাব ইন দ্য পুল, ইন দ্য শ্যাডো অব দ্য সাইপ্রেস, ম্যাজিক ক্যান্ডিস, মেবি এলিফ্যান্টস, মি, অরিগামি, পার্সিবিস, দ্য টোয়েন্টি ওয়ান, ওয়ান্ডার টু ওয়ান্ডার, দ্য ওয়াইল্ড-টেম্পার্ড ক্ল্যাভিয়ার এবং ইয়াক! এর মধ্য থেকে চূড়ান্ত মনোনয়ন পাবে পাঁচটি অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

চূড়ান্ত মনোনয়ন প্রক্রিয়া
গত ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত সংক্ষিপ্ত তালিকা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২০২৫ সালের ৮ জানুয়ারি শুরু হয়ে চূড়ান্ত মনোনয়ন তালিকা নির্বাচনের ভোটগ্রহণ চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ২৪টি প্রতিযোগিতামূলক বিভাগের মনোনয়ন তালিকা ঘোষণা করা হবে ১৭ জানুয়ারি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়ায় হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে ২ মার্চ। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন কোনান ও’ব্রায়েন। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টিরও বেশি দেশে সরাসরি দেখানো হবে এই আয়োজন।

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
হলিউড ছাড়ছে অস্কার, সম্প্রচার হবে ইউটিউবে!
হলিউড ছাড়ছে অস্কার, সম্প্রচার হবে ইউটিউবে!
অস্কার মঞ্চে যুদ্ধের বিরোধিতা, আলোচনায় স্প্যানিশ অভিনেতা
অস্কার মঞ্চে যুদ্ধের বিরোধিতা, আলোচনায় স্প্যানিশ অভিনেতা
অস্কারে ছক্কা হাঁকালো ডিক্যাপ্রিওর সিনেমা
অস্কারে ছক্কা হাঁকালো ডিক্যাপ্রিওর সিনেমা
অস্কার নিয়ে ভবিষ্যদ্বাণী, কে হাসবেন শেষ হাসি
অস্কার নিয়ে ভবিষ্যদ্বাণী, কে হাসবেন শেষ হাসি
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন