যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে গোলাগুলিতে দুইজন নিহত ও একজন আহত হয়েছে। সহকর্মীদের মধ্যে ঝগড়ার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত দুইজনের মধ্যে একজন বন্দুকধারী ছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এ খবর জানিয়েছে।
স্থানীয় লং বিচ পুলিশ জানিয়েছে, এ ঘটনায় হত্যা তদন্ত চলছে। লং বিচ শহরের মেয়র রবার্ট গারসিয়া বলেন, আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
এদিকে নিহত বন্দুকধারী আত্মহত্যা করেছেন নাকি পুলিশের গুলিতে নিহত হয়েছেন বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে। লং বিচ পুলিশের টু্ইটারে বলা হয়, সহকর্মীদের মধ্যে ঝগড়ার জেরে এ ঘটনা ঘটেছে। একটি ভিডিওতে দেখা যায়, একটি দ্বিতল ভবন থেকে লোকজন দৌড়ে বের হয়ে আসছে। এ সময় তারা চিৎকারে করে জানায়, ভেতরে গোলাগুলি হচ্ছে। ভবনটিতে কয়েকটি আইন ব্যবসা প্রতিষ্ঠানের অফিস রয়েছে। তবে ঠিক কোন অফিসে ঘটনাটি ঘটেছে তা জানানো হয়নি।








