পাকিস্তান ও চীনের মধ্যকার মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হয়েছে। ২০১৯ সালের এপ্রিলে স্বাক্ষরিত চুক্তিটি নতুন বছরের প্রথম দিন বুধবার থেকে কার্যকর হয়েছে। এর অংশ হিসেবে ইতোমধ্যেই পাকিস্তানে উৎপাদিত ৩১৩টি পণ্যে আমদানি শুল্ক প্রত্যাহার করেছে চীন।
রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট (এফটিএ)-টু শীর্ষক চুক্তিটি কার্যকর এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যকার বাণিজ্য আরও বাড়বে। আশা করা হচ্ছে, এর ফলে এক বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়বে।
চুক্তি অনুযায়ী, উভয় দেশ তাদের আরোপিত শুল্ক মওকুফ কিংবা ৭৫ শতাংশ ছাড় দেবে। বেইজিং অবিলম্বে তিন শতাধিক পাকিস্তানি পণ্যে শুল্ক প্রত্যাহার করবে। এরমধ্যে টেক্সটাইল, গার্মেন্টস, সামুদ্রিক খাবার ও চামড়া শিল্পের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
ইতোমধ্যে পাকিস্তানের বাজারে চীনা কাঁচামাল ও ভারী যন্ত্রপাতির বড় ধরনের প্রবেশাধিকার দিয়েছে ইসলামাবাদ।
২০১৯ সালের এপ্রিলে স্বাক্ষরিত এ চুক্তি কার্যকরের ফলে পাকিস্তান চীনে বছরে ৫০০ থেকে ৬০০ মিলিয়ন ডলারের পণ্য রফতানির ব্যাপারে আশাবাদী। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, তাদের প্রত্যাশা আগামী পাঁচ বছরের মধ্যে এর পরিমাণ চার বিলিয়ন ডলারে উন্নীত হবে।








