জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড কোল্ড প্লের কনসার্টে আলিঙ্গনরত অবস্থায় দেখা যাওয়া যুগলের বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমার। অবশ্য এরমধ্যেই তাদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) ছুটিতে পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফক্সবোরো শহরের জিলেট স্টেডিয়ামে বুধবার গান পরিবেশন করছিল কোল্ড প্লে। এসব অনুষ্ঠানে সাধারণত দর্শকসারিতে থাকা যুগলের দিকে ক্যামেরা তাক করেন আয়োজকরা। এসময় সাধারণত যুগলরা হয় সেটা উপভোগ করেন অথবা এড়িয়ে যান। তবে ওই যুগল তড়িঘড়ি নিজেদের লুকানোর চেষ্টা করার কারণেই সবার নজরে পড়েন।
স্টেডিয়ামের একটি বিশাল পর্দায় ফুটে ওঠা ভিডিওতে ওই যুগলকে আলিঙ্গনরত অবস্থায় দেখা যায়। তাদের চেহারা যখন হাজার হাজার দর্শকের সামনে আসে, তখন তারা হঠাৎ নিচু হয়ে ক্যামেরা থেকে নিজেদের লুকানোর চেষ্টা করেন।
সেই সময় কনসার্টের ব্যান্ড লিডার ক্রিস মার্টিনের একটি মন্তব্যের পর তাদের মধ্যে সম্পর্ক রয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। তিনি দর্শকদের উদ্দেশে বলেছিলেন যে, তারা হয়তো প্রেম করছেন, অথবা খুবই লাজুক।
ওই ভিডিও ভাইরাল হওয়ার পর শুক্রবার অ্যাস্ট্রোনোমার কোম্পানি এক্স প্ল্যাটফর্মে এক বার্তায় জানিয়েছে যে, তাদের কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি বায়রনকে ছুটিতে পাঠানো হয়েছে।
অনলাইনে গুজব রয়েছে যে, ওই যুগল অ্যাস্ট্রোনমারের দুই কর্মী। মার্কিন সংবাদমাধ্যম ও অনলাইনে দাবি করা হচ্ছে, ভিডিওতে থাকা পুরুষটি হচ্ছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি বায়রন এবং নারী হচ্ছে মানবসম্পদ বিভাগের প্রধান ক্রিস্টিন ক্যাবট।
যদিও ওই যুগলের পরিচয় স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি বিবিসি।
ইন্টারনেটে ব্যাপক আলোচনা শুরু হওয়ার দুই দিন পর, অ্যাস্ট্রোনোমার একটি বিবৃতি দিয়েছে যে তারা বিষয়টি তদন্ত করছে।
উল্লেখ্য, কোনও প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে, বিশেষত শীর্ষ পদগুলোতে বিবাহের মতো আইনি সম্পর্ক ছাড়া ঘনিষ্ঠতা নিরুৎসাহিত করা হয়। প্রাতিষ্ঠানিক স্বার্থের চেয়ে ব্যক্তিগত পক্ষাপাতিত্বের সম্ভাবনা এড়াতে এই পদ্ধতি অনুসরণ করা হয়।
মূলত পরিচয় লুকানোর চেষ্টার কারণেই তাদের বিরুদ্ধে তদন্ত করছে অ্যাস্ট্রোনোমার। তাদের প্রতিক্রিয়ার পেছনে কোনও আইনি বা প্রাতিষ্ঠানিক ধারা লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায় কিনা, নাকি নিছকই তারা বড় পর্দায় আসতে চাননি, সেটাই মূলত যাচাই করা হবে এক্ষেত্রে।







