বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১৭ জুন (বুধবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
শর্ত মানলে চুক্তির সুবিধা পাবে ইরান: ভ্যান্স; আইনি প্রক্রিয়া ছাড়াই বাঙালিদের পুশব্যাক করছে ভারত; ২৭০ কোটি ডলারে কারা কিনলেন ধুঁকতে থাকা পিৎজা হাট; মার্কিন অবরোধ পেরিয়ে গেলো আরও একটি ইরানি তেলবাহী ট্যাংকার; কোলাকুলি নেই, শুধু করমর্দন: মোদি-ট্রাম্প সম্পর্ক কি জোড়া লাগবে; লেবাননে অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চাইলেন ম্যাক্রোঁ- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।
শর্ত মানলে চুক্তির সুবিধা পাবে ইরান: ভ্যান্স
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তি নিয়ে সংবাদমাধ্যমে ধারাবাহিক সাক্ষাৎকার দেওয়া অব্যাহত রেখেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান বাস্তব সুবিধা পেতে পারে, তবে এর জন্য দেশটিকে শর্ত মানতে হবে এবং নিজেদের আচরণ পরিবর্তন করতে হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
আইনি প্রক্রিয়া ছাড়াই বাঙালিদের পুশব্যাক করছে ভারত
ভারতের পশ্চিমবঙ্গের সংখ্যালঘু বাঙালি বাসিন্দাদের, যাদের বেশিরভাগই মুসলিম, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই জোরপূর্বক বাংলাদেশে পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি বলেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) লোকজনকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) তাদের প্রবেশ ঠেকিয়ে দেওয়ায় বহু পরিবার দুই দেশের মধ্যবর্তী ‘জিরো লাইনে’ আটকা পড়ছে।
২৭০ কোটি ডলারে কারা কিনলেন ধুঁকতে থাকা পিৎজা হাট
টানা ব্যবসায়িক মন্দার মুখে অবশেষে নিজেদের ধুঁকতে থাকা পিৎজা চেইন পিৎজা হাট বিক্রি করে দেওয়ার ঘোষণা দিয়েছে মূল প্রতিষ্ঠান ইয়াম! ব্র্যান্ডস। চুক্তি অনুযায়ী, মোট ২৭০ কোটি ডলারে (বাংলাদেশি টাকায় প্রায় ৩২ হাজার ৪০০ কোটি টাকা) ব্র্যান্ডটি বিক্রি করা হচ্ছে। চুক্তি অনুযায়ী, মূল ভূখণ্ড চীনের বাইরে পিৎজা হাটের ব্যবসা ১৫০ কোটি ডলারে কিনে নেবে প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান লংরেঞ্জ ক্যাপিটাল। আর চীনের মূল ভূখণ্ডে পরিচালিত কার্যক্রম ১২০ কোটি ডলারে কিনে নিচ্ছে ইয়াম চায়না হোল্ডিংস।
মার্কিন অবরোধ পেরিয়ে গেলো আরও একটি ইরানি তেলবাহী ট্যাংকার
মার্কিন নৌবাহিনীর অবরোধরেখা অতিক্রম করেছে ইরানের আরও একটি তেলবাহী ট্যাংকার। সামুদ্রিক জাহাজ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ট্যাংকারট্র্যাকার্স জানিয়েছে, ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির (এনআইটিসি) পরিচালিত সোনিয়া ১ নামের জাহাজটি ১০ লাখ ব্যারেল ইরানি অপরিশোধিত তেল বহন করে ওমান উপসাগরে অবরোধরেখা পেরিয়ে গেছে।
কোলাকুলি নেই, শুধু করমর্দন: মোদি-ট্রাম্প সম্পর্ক কি জোড়া লাগবে
নেতাদের পারস্পরিক সম্পর্কের উষ্ণতা বা টানাপোড়েন অনেক সময়ই বোঝা যায় তাদের শারীরিক অঙ্গভঙ্গিতে। দীর্ঘ ১৬ মাস পর ফ্রান্সের জি-৭ শীর্ষ সম্মেলনে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি হলেন, তখন তাদের সেই চিরচেনা কোলাকুলিটি একেবারেই গায়েব ছিল। এমনকি তাদের আগের সেই ব্যক্তিগত উষ্ণতারও কোনও দেখা মেলেনি। এর বদলে অত্যন্ত আনুষ্ঠানিক একটি করমর্দন হয়েছে, যেখানে ট্রাম্পকে কেবল তার ‘বন্ধু’ মোদির বাহুতে আলতো চাপ দিতে দেখা গেছে। এর আগে গ্রুপ ছবি তোলার সময়ও তাদের মধ্যে কোনও চোখাচোখি বিনিময় হতে দেখা যায়নি। সব মিলিয়ে দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের স্পষ্ট ইঙ্গিতই সেখানে প্রকাশ পেয়েছে।
লেবাননে অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চাইলেন ম্যাক্রোঁ
লেবানন পরিস্থিতির দিকে ইঙ্গিত করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, জি-৭ জোট মনে করে দেশটিতে একটি যুদ্ধবিরতি অবশ্যই পূর্ণাঙ্গ ও অবিলম্বে হতে হবে। যা অত্যন্ত জরুরি ও প্রয়োজনীয়। প্যারিসে জি-৭ শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুধবার তিনি এই মন্তব্য করেন।









