বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১১ জুলাই (শনিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
বাবার ভাবমূর্তি নেতিবাচক, পদবি বদলে ফেললেন নেতানিয়াহুর ছেলে; হত্যার হুমকি পেয়ে ট্রাম্প বললেন ইরান ‘নিশ্চিহ্ন হয়ে যাবে’; যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রেখেছে ইরান, দাবি আরাঘচির; ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ; ইরানের কাছে আসলে কী চায় ট্রাম্প প্রশাসন; ভিয়েতনামে নৌকা উল্টে প্রাণ গেলো ১৫ ভারতীয় পর্যটকের- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।
বাবার ভাবমূর্তি নেতিবাচক, পদবি বদলে ফেললেন নেতানিয়াহুর ছেলে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়ায়ের নেতানিয়াহু নিজের নাম পরিবর্তন করে ইয়োনাথান হন রেখেছেন। আন্তর্জাতিক অঙ্গন ও যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু পরিবারের ক্রমবর্ধমান রাজনৈতিক ও আইনি জটিলতার মধ্যেই নাম পরিবর্তনের এই খবরটি সামনে এলো। হারেৎজ জানিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরে কর কর্তনের অনুমোদনের নথিপত্রেও তার আগের নাম ইয়ায়ের নেতানিয়াহু ব্যবহার করা হয়েছিল।
হত্যার হুমকি পেয়ে ট্রাম্প বললেন ইরান ‘নিশ্চিহ্ন হয়ে যাবে’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান সরকার যদি তাকে হত্যার চেষ্টা করে বা এমন কোনও পরিকল্পনা বাস্তবায়ন করে, তাহলে দেশটির ওপর বড় ধরনের হামলা চালাতে মার্কিন সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (১১ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইসলামিক রিপাবলিক অব ইরান যদি বিশ্বের বিভিন্ন প্রান্তে উচ্চারিত হুমকি অনুযায়ী যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট, অর্থাৎ আমাকে, হত্যার চেষ্টা করে বা হত্যা করে, তাহলে এক হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে এবং আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র সঙ্গে সঙ্গে ছোড়া হবে।
যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রেখেছে ইরান, দাবি আরাঘচির
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতির বিষয়ে তেহরান তার প্রতিশ্রুতি রক্ষা করেছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, সমঝোতা স্মারকের ধারা লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (১১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, ইরান এখন পর্যন্ত তার কথা রেখেছে। কিন্তু তথাকথিত মার্কিন অর্থমন্ত্রী সমঝোতা স্মারকের নবম অনুচ্ছেদ লঙ্ঘন করছেন।
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ
জাপানের সাকিশিমা দ্বীপে আঘাত হানার এবং উত্তর তাইওয়ান ঘেঁষে যাওয়ার পর এবার তীব্র গতিতে চীনের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘বাভি’। দুর্যোগপূর্ণ এই পরিস্থিতির কারণে চীন কর্তৃপক্ষ ইতোমধ্যেই তাদের ঘরবাড়ি থেকে ৬ লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। শনিবার (১১ জুলাই) চীনের কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় চচিয়াং বা জেঝিয়াং প্রদেশ থেকে সাড়ে পাঁচ লাখেরও বেশি মানুষকে এবং পার্শ্ববর্তী ফুজিয়ান প্রদেশ থেকে আরও এক লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ইরানের কাছে আসলে কী চায় ট্রাম্প প্রশাসন
ইরানকে প্রকাশ্যে স্বীকার করতে হবে যে হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে এবং একই সাথে বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা বন্ধের বিষয়ে প্রকাশ্যে প্রতিশ্রুতি দিতে হবে; তেহরানের কাছে এমন জোরালো দাবি জানিয়েছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে তিনজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সরাসরি এবং আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই বার্তা ইরানের কাছে পাঠানো হয়েছে।
ভিয়েতনামে নৌকা উল্টে প্রাণ গেলো ১৫ ভারতীয় পর্যটকের
ভিয়েতনামের ফু কুয়োক দ্বীপের কাছে ৩৬ জন আরোহী নিয়ে একটি পর্যটকবাহী নৌকা উল্টে গিয়ে অন্তত ১৫ জন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এই তথ্য জানা গেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার পর দুইজনকে আশঙ্কাজনক অবস্থাসহ মোট ২১ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্গতদের সহায়তার জন্য ভারতীয় মিশন ইতোমধ্যেই বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করেছে।

বাবার হত্যার প্রতিশোধ শিগগিরই নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির






