জার্মানির বার্লিনে সমকামীদের বার্ষিক প্রাইড শোভাযাত্রায় গাড়ি তুলে দিয়ে হামলার ঘটনায় একজন নিহত ও অন্তত ১৬ জন আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে টিয়ারগার্টেন পার্ক এলাকায় ঘটনাটি ঘটেছে। শোভাযাত্রাটি ক্রিস্টোফার স্ট্রিট ডে প্রাইড শোভাযাত্রা নামেও পরিচিত।
পুলিশ জানিয়েছে, তারা সন্দেহভাজন হামলাকারীকে চিহ্নিত করতে পেরেছে এবং তার সন্ধানে পুরো শহরজুড়ে তল্লাশি চলছে।
অন্যদিকে, হামলায় ব্যবহৃত গাড়িটি একটি পার্কে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। স্থানীয় পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, একটি সাদা রঙের গাড়ির চালক একাধিক ব্যক্তিকে গাড়িচাপা দিয়েছে। এতে বহু মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মেৎস এ ঘটনাকে ‘ভয়াবহ একটি ঘটনা’ হিসেবে বর্ণনা করে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন।
বার্লিনের মেয়র কাই ভেগনার এ ঘটনাকে ‘স্বাধীন ও উদার সমাজের ওপর একটি আক্রমণ’ বলে অভিহিত করেছেন।
ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তি বা ব্যক্তিদের খুঁজে বের করতে পুলিশ হেলিকপ্টার এবং থার্মাল-ইমেজিং ক্যামেরা ব্যবহার করছে বলে পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপি-কে জানিয়েছেন।
পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান নাথ বলেন, ‘হামলায় ব্যবহৃত গাড়িটি একটি মিনিভ্যান বা ছোট আকারের এসইউভির মতো ছিল।’ তল্লাশি অভিযান পুরো বার্লিন শহরজুড়ে সম্প্রসারণ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের পুলিশ জানিয়েছে যে, একজন সন্দেহভাজন হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। তবে এখনও তাকে গ্রেফতার করা হয়নি।
পুলিশ মুখপাত্রের ভাষ্য, ওই ব্যক্তি বার্লিনের ইসলামপন্থী (ইসলামিস্ট) চক্রের একজন সদস্য হিসেবে পুলিশের কাছে পরিচিত।

প্রিন্সেস ডায়ানার সেই অসম্পূর্ণ হিরা-মুক্তার গয়না সেট কোথায়







