বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ৯ সেপ্টেম্বর (বুধবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের; মার্কিন হামলায় ইরানের ৫ ট্যাংকার ধ্বংস, জর্ডানে তেহরানের ক্ষেপণাস্ত্র জবাব; ইসরায়েলি বসতি সম্পূর্ণ অবৈধ, ঐকমত্যে ইউরোপীয় ইউনিয়ন; কানাডার দুধ-মদ-মোটরসাইকেলে মার্কিন নিষেধাজ্ঞা; ব্রিকস সম্মেলনের আগেই মোদি-পুতিন বৈঠক; প্রতিরক্ষা ফোরামে বক্তব্যের মাঝে চীনা নোট, ক্ষুব্ধ ফিলিপাইনি মন্ত্রী; উত্তর কোরিয়ার ইউরেনিয়াম সক্ষমতা নিয়ে যা জানা গেলো; মাও সেতুংয়ের মৃত্যুর ৫০ বছর পরও চীনে সাংস্কৃতিক বিপ্লবের ছায়া- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির প্রবেশমুখে একটি মার্কিন চালকবিহীন সাবমেরিন ড্রোন জব্দ করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, একটি জটিল গোয়েন্দা ও সামরিক অভিযানের মাধ্যমে ভোরে ড্রোনটি আটক করা হয়।
গত দুই দিনে একটি মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজকে দুইবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করার অভিযোগে ওমান উপসাগরে এবং ইরানের খার্গ দ্বীপের কাছে পাঁচটি ইরানি তেলের ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের এই হামলার পর জর্ডানের একটি মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যা চলমান সংঘাতকে আরও তীব্র করে তুলেছে।
পশ্চিম তীরে ইসরায়েলের বসতিগুলো আন্তর্জাতিক আইনে অবৈধ- ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সব সদস্য রাষ্ট্র এ বিষয়ে একমত বলে জানিয়েছেন ইইউর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক উচ্চ প্রতিনিধি কায়া কাল্লাস। ব্রিটেন ও আরও ১১টি দেশ পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোকে লক্ষ্য করে বাণিজ্য নিষেধাজ্ঞার সমর্থন ঘোষণার পর এ কথা জানান তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
কানাডার কিছু দুগ্ধজাত পণ্য ও মোটরসাইকেলসহ অধিকাংশ মদ্যপ পানীয় আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার হোয়াইট হাউজ জানিয়েছে, আগামী ২৯ সেপ্টেম্বর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধে উত্তেজনা কমার কোনও লক্ষণ না থাকায় নতুন এই পদক্ষেপ নেওয়া হলো। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলনের ঠিক একদিন আগে আগামী শুক্রবার মুখোমুখি দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী ১২-১৩ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এই শীর্ষ সম্মেলনের আগেই দুই শীর্ষ নেতার সাক্ষাৎ ও ব্রিকস সদস্য দেশগুলোর নিজস্ব মুদ্রায় বাণিজ্যের বিষয়টি নিশ্চিত করেছে মস্কো। ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।
দক্ষিণ চীন সাগর নিয়ে সিউলে এক প্রতিরক্ষা ফোরামে বক্তব্য দেওয়ার সময় চীনের একটি নোট হাতে পান ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো সি. তেওদোরো। বক্তব্য থামিয়ে নোটটি সবার সামনে পড়ে শোনানোর পর চীনের অবস্থানের তীব্র সমালোচনা করেন তিনি। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।
উত্তর কোরিয়া নতুন একটি দু’তলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা তৈরি করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি এটিকে ‘গভীর উদ্বেগের’ কারণ বলে উল্লেখ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
চীনের কমিউনিস্ট নেতা মাও সেতুংয়ের মৃত্যুর ৫০ বছর পূর্ণ হয়েছে বুধবার। ১৯৭৬ সালের ৯ সেপ্টেম্বর ৮২ বছর বয়সে তার মৃত্যু হয়। প্রায় তিন দশকের শাসনামলে তিনি বিশ্বের প্রায় এক-চতুর্থাংশ মানুষকে কমিউনিস্ট পার্টির শাসনের অধীনে আনেন। তার মৃত্যুর পরও চীনের রাজনীতি ও ভবিষ্যতে তার প্রভাব রয়ে গেছে।

হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
মার্কিন হামলায় ইরানের ৫ ট্যাংকার ধ্বংস, জর্ডানে তেহরানের ক্ষেপণাস্ত্র জবাব
ইসরায়েলি বসতি সম্পূর্ণ অবৈধ, ঐকমত্যে ইউরোপীয় ইউনিয়ন
কানাডার দুধ-মদ-মোটরসাইকেলে মার্কিন নিষেধাজ্ঞা
ব্রিকস সম্মেলনের আগেই মোদি-পুতিন বৈঠক
প্রতিরক্ষা ফোরামে বক্তব্যের মাঝে চীনা নোট, ক্ষুব্ধ ফিলিপাইনি মন্ত্রী
উত্তর কোরিয়ার ইউরেনিয়াম সক্ষমতা নিয়ে যা জানা গেলো
মাও সেতুংয়ের মৃত্যুর ৫০ বছর পরও চীনে সাংস্কৃতিক বিপ্লবের ছায়া







