মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫০ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫০

মিসরের রাজধানী কায়রোর দক্ষিণে গিজা প্রদেশের আল-আয়াত সংলগ্ন এলাকায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৭ জন নিহত ও ১০০ জনেরও বেশি যাত্রী আহত হয়েছেন।

দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, কায়রো থেকে আসওয়ানগামী একটি দাঁড়িয়ে থাকা ট্রেনের পেছনে গিজা থেকে ফাইয়ুমগামী আরেকটি ট্রেন ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং পাশের বাঁধের নিচে পড়ে যায়। খবর বিবিসি। 

দুর্ঘটনার পরই উদ্ধার অভিযানে অংশ নেন স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. খালেদ আবদেল গাফফার জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে, যেখানে মাথার আঘাত ও হাড় ভাঙার মতো গুরুতর রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছেন। সিসি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তদন্তে কারও অবহেলা বা গাফিলতি পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নিহতদের মধ্যে ট্রেনের একজন চালকও রয়েছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

যে অঞ্চলে (কফর আম্মার ও আল-রাক্কা স্টেশনের মধ্যবর্তী এলাকা) দুর্ঘটনাটি ঘটেছে, তা মিসরের রেল ইতিহাসে অত্যন্ত অভিশপ্ত একটি স্থান হিসেবে পরিচিত। ২০০২ সালের ফেব্রুয়ারি মাসে ঠিক এই এলাকাতেই কায়রো থেকে লুক্সরগামী একটি ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সরকারি হিসেবেই অন্তত ৩৭০ জন যাত্রী আগুনে পুড়ে মারা যান, যা মিসরের ইতিহাসের সবচেয়ে বড় রেল দুর্ঘটনা ছিল। পরবর্তীতে ২০০৯ সালেও এই অঞ্চলে একই ধরনের সংঘর্ষে বহু মানুষ প্রাণ হারান।

ঘটনার পর আল-আয়াত অঞ্চলে ট্রেন চলাচল স্থগিত রয়েছে এবং উদ্ধারকারী ক্রেন দিয়ে দুমড়ে-মুচড়ে যাওয়া বগিগুলো সরানোর কাজ চলছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় সৌদি আরব, তুরস্ক ও রাজনৈতিক মহল সমবেদনা ও শোক প্রকাশ করেছে। 

/এসটি/ 
সম্পর্কিত
এবার ইরানের স্থলপথ বাণিজ্যেও চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়কে কীভাবে দেখছে ইরান
ইরান কি এবার ‘অলআউট’ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে?
সর্বশেষ খবর
টেস্টে বাংলাদেশের সফল পাঁচ রান তাড়ার গল্প
টেস্টে বাংলাদেশের সফল পাঁচ রান তাড়ার গল্প
কটূক্তি নয়, প্রশংসায় ভরুক সোশ্যাল মিডিয়া!
কটূক্তি নয়, প্রশংসায় ভরুক সোশ্যাল মিডিয়া!
এ যেন দেশের ভেতরে আরেক সাম্রাজ্য, যেখানে পুলিশও যেতে ভয় পায়
এ যেন দেশের ভেতরে আরেক সাম্রাজ্য, যেখানে পুলিশও যেতে ভয় পায়
মাটির নীচে অঢেল সম্পদ, তবু মানুষের পেটে খাবার নেই!
মাটির নীচে অঢেল সম্পদ, তবু মানুষের পেটে খাবার নেই!
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’