রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে উপস্থিত হবেন না। বুধবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট কার্যালয় এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার আদালত দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসার স্বাক্ষরিত এক হলফনামা প্রকাশ করেছিল। জুন মাসে স্বাক্ষরিত ওই হলফনামায় তিনি বলেছিলেন, পুতিনকে গ্রেফতারের চেষ্টা হবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমতুল্য। এর পরদিন দেশটির প্রেসিডেন্ট কার্যালয় পুতিনের সফর নিয়ে এই ঘোষণা দিলো।
রামাফোসার এক মুখপাত্র বলেছেন, ব্রিকস সম্মেলনের পুতিনের বদলে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন।
আগামী মাসে জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনে যোগদানের জন্য পুতিনকে আমন্ত্রণ জানিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি)-এর গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। আন্তর্জাতিক আদালতের সদস্য রাষ্ট্র হিসেবে পুতিন সফরে আসলে তাকে গ্রেফতার করার বাধ্যবাধকতা রয়েছে দেশটির ওপর।
পুতিনের সফর নিয়ে দেশটির চলমান বিতর্ক আদালতে গড়িয়েছে। দেশটির প্রধান বিরোধী দল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স চেষ্টা করছে যাতে রুশ নেতাকে আটক করে আইসিসির হাতে তুলে দেয় সরকার।
ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে ১৭ মার্চ পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। তবে এই গ্রেফতারি পরোয়ানাকে অর্থহীন হিসেবে আখ্যা দিয়েছে ক্রেমলিন।








