ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন ডিসির হোটেলের সামনে বুধবার (২৪ জুলাই) গভীর রাতেও প্রতিবাদ অব্যাহত ছিল। গাজা উপত্যকায় চলমান যুদ্ধের প্রতিবাদে শত শত বিক্ষোভকারী ওয়াটারগেট হোটেলের সামনে জড়ো হন।
ফিলিস্তিনপন্থি প্রতিবাদকারীরা হোটেলের দেয়ালে ‘ওয়ান্টেড: অ্যারেস্ট নেতানিয়াহু’ (পলাতক: নেতানিয়াহুকে গ্রেফতার করো) লেখা প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহুর উপস্থিতির সরাসরি বিরোধিতা করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা নেড়ে এবং লেজার প্রজেকশন ব্যবহার করে তাদের বার্তা প্রকাশ করেছেন।
মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর বক্তব্যের পর এই বিক্ষোভ হলো। ইসরায়েলি নেতার যুক্তরাষ্ট্র সফর ঘিরে টানা বিক্ষোভ হচ্ছে। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে।
বৃহস্পতিবার নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। রবিবার প্রেসিডেন্ট নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন বাইডেন। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তিনি সমর্থন করেছেন।
ইসরায়েল ও মার্কিন নেতা হোয়াইট হাউজে বৈঠক করবেন। এতে গাজার পরিস্থিতি ও যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির অগ্রগতি নিয়ে আলোচনা হবে। পরে নেতানিয়াহু হ্যারিসের সঙ্গেও আলাদাভাবে সাক্ষাৎ করবেন।
শুক্রবার নেতানিয়াহুর ফ্লোরিডায় রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও একটি রুদ্ধদ্বার বৈঠক করবেন।








