ভিনসেন্ট ভ্যান গগের একটি চিত্রকর্ম বিক্রির পরিকল্পনা নিয়ে বিরোধ নিষ্পত্তিতে কাজ করছে বলে জানিয়েছে নিলামঘর সদবিস। শাতেনিয়ে ফ্লুর (ফুলে ভরা চেস্টনাট গাছ) নামের ছবিটির আনুমানিক মূল্য ১৮ কোটি ডলার (১৩ কোটি ৬০ লাখ পাউন্ড)। বুধবার নিউইয়র্কে এটি নিলামে ওঠার কথা।
তবে ছবিটির আগের জার্মান মালিক ফিশার পরিবারের উত্তরাধিকারীদের প্রতিনিধিরা বলছেন, নাৎসিদের উত্থানের সময় চাপের মুখে ছবিটি বিক্রি করা হয়ে থাকতে পারে। সদবিস বলছে, তাদের নিজস্ব বিস্তৃত গবেষণায় তা প্রমাণিত হয়নি। তবে সমাধানে পৌঁছাতে পরিবারটির সঙ্গে তারা কাজ করবে।
বিবিসিকে দেওয়া বিবৃতিতে নিলামঘরটি বলেছে, সদবিস মালিকানার ইতিহাস ও প্রত্যর্পণ বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং শাতেনিয়ে ফ্লুর-এর মালিকানার ইতিহাস নিয়ে বিস্তৃত গবেষণা করেছে। বিবৃতিতে আরও বলা হয়, ফিশার উত্তরাধিকারীদের প্রতিনিধিরা সম্প্রতি যে উদ্বেগ তুলেছেন, সে বিষয়ে আমরা অবগত এবং ছবিটির ইতিহাস নিয়ে তাদের সঙ্গে আলোচনায় আছি। আমাদের গবেষণায় এখন পর্যন্ত ছবিটি চাপের মুখে বিক্রি হয়েছে বলে প্রমাণিত না হলেও পরিবারের সঙ্গে চিন্তাশীল ও গঠনমূলকভাবে যুক্ত হওয়ার গুরুত্ব আমরা স্বীকার করি এবং পারস্পরিক সন্তোষজনক সমাধানের লক্ষ্যে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ছবিটি ব্লাকিয়ে-আরিয়েতা কালেকশন নামের একটি সংগ্রহের অংশ হিসেবে বিক্রি হচ্ছে। সদবিসের ওয়েবসাইটে তেলরঙের এই ছবির মালিকানার ইতিহাস এবং ১৮৯০ সাল থেকে হাতবদলের গবেষণার বিবরণ রয়েছে।
সেখানে বলা হয়েছে, জার্মান বিখ্যাত প্রকাশক সামুয়েল ফিশার ১৯০৯ সালে ছবিটি কেনেন। ১৯৩৪ সালে তার মৃত্যুর পর তা পরিবারের হাতে থাকে। সদবিস জানায়, ১৯৩২ বা ১৯৩৩ সালে ছবিটি আমস্টারডামে পল কাসিরারের কাছে জমা রাখা হয়। এরপর ১৯৩৬ সালে তা প্যারিসের অঁরিয়েত ও মার্সেল কাপফেরের কাছে যায়। এ বছর নিলামে ওঠার আগে আরও চারজন মালিকের হাতে ছিল ছবিটি।
ফিশার পরিবারের উত্তরাধিকারীরা একজন আইনজীবী নিয়োগ করেছেন। নিউইয়র্ক টাইমসের খবর অনুযায়ী, তিনি তাদের পক্ষে সদবিসকে চিঠি লিখেছেন। তিনি নিলামঘরকে জানিয়েছেন, নাৎসি শাসনামলে ফিশার পরিবারের প্রকাশনা সংস্থার আর্থিক ক্ষতির কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আমস্টারডামে ছবিটি বিক্রি করা হয়েছিল। বিবিসি ওই আইনজীবীর মন্তব্য জানতে যোগাযোগ করেছে।
সূত্র: বিবিসি
পুরুষকে ঘিরে ঈর্ষা-দ্বন্দ্ব: যুক্তরাজ্যে বাড়ছে নারীর হাতে নারী খুন