চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বিচারের বিষয়ে ভারতের পরামর্শকে উদ্ভট আখ্যা দিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, আসামি ভারতের আশ্রয়-প্রশ্রয়ে আছেন। বিচার চলাকালে বা নির্ধারিত সময়ে তারা কেন তাকে বাংলাদেশে এসে বিচার মোকাবিলা বা আপিল করার পরামর্শ দিলেন না? নির্ধারিত সময় পার করে এখন পুনর্বিচারের যে উদ্ভট বক্তব্য দেওয়া হচ্ছে, আমরা তা প্রত্যাখ্যান করছি।
রবিবার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এর আগে আন্তর্জাতিক গণমাধ্যম টেলিগ্রাফ শেখ হাসিনার পুনর্বিচার প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে ভারতের পক্ষ থেকে হাসিনার পুনর্বিচারের প্রসঙ্গ তুলে ধরা হয়।
ওই প্রসঙ্গে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, একবার বিচার হয়ে যাওয়ার পর পুনরায় বিচার বা ‘ডি নভো ট্রায়াল’ এর বিধান ভারত, পাকিস্তান ও বাংলাদেশে একসময় থাকলেও ভারত নিজেই তাদের আইন থেকে এটি বাতিল (রিপিল) করেছে। বাংলাদেশেও এই আইন বাতিল করা হয়েছে, পাকিস্তানেও নেই। যে দেশে নিজেরা এটি চর্চা করে না, তারা কীভাবে আরেক দেশকে ডি নভো ট্রায়ালের পরামর্শ দেয়?
১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এবং ২০১০ সালের রুলস অব প্রসিডিউর আওয়ামী লীগ সরকারেরই প্রণীত উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, আমরা আইন পরিবর্তন করিনি। প্রচলিত আইনে আপিলের বিধান রয়েছে, কিন্তু পুনর্বিচারের কোনও সুযোগ নেই। আইনের বাইরে যাওয়ার এখতিয়ার সরকার, ট্রাইব্যুনাল বা আমার কারোরই নেই।