বিশ্বে প্রতিদিন যৌনবাহিত সংক্রমণে আক্রান্ত ১০ লাখের বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
২৩ নভেম্বর ২০২৬, ১৬:৫২ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৬:৫২

বিশ্বে প্রতিদিন ১৫ থেকে ৪৯ বছর বয়সী ১০ লাখের বেশি মানুষ নিরাময়যোগ্য যৌনবাহিত সংক্রমণে (এসটিআই) আক্রান্ত হচ্ছেন। আক্রান্তদের বেশির ভাগের শরীরে কোনও উপসর্গ দেখা যায় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক তথ্যে এ চিত্র উঠে এসেছে।

সংস্থাটির ১৯ নভেম্বর প্রকাশিত এক তথ্যপত্রে বলা হয়েছে, ২০২০ সালে বিশ্বে চার ধরনের নিরাময়যোগ্য যৌনবাহিত সংক্রমণে নতুন করে আক্রান্ত হয়েছিলেন আনুমানিক ৩৭ কোটি ৪০ লাখ মানুষ। রোগগুলো হলো ক্ল্যামাইডিয়া, গনোরিয়া, সিফিলিস ও ট্রাইকোমোনিয়াসিস।

ডব্লিউএইচওর হিসাবে, ২০২২ সালে ১৫ থেকে ৪৯ বছর বয়সী প্রায় ৮০ লাখ প্রাপ্তবয়স্ক সিফিলিসে আক্রান্ত হন। একই বয়সসীমার প্রায় ৫২ কোটি মানুষ হারপিস সিমপ্লেক্স ভাইরাস-২ (এইচএসভি-২) সংক্রমণে আক্রান্ত। এই ভাইরাস যৌনাঙ্গে হারপিসের অন্যতম প্রধান কারণ।

সংস্থাটি বলছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) সংক্রমণের সঙ্গে প্রতিবছর জরায়ুমুখের ক্যানসারে ৩ লাখ ১১ হাজারের বেশি মৃত্যুর সম্পর্ক রয়েছে। ২০২২ সালে আনুমানিক ১১ লাখ গর্ভবতী নারী সিফিলিসে আক্রান্ত ছিলেন। এর ফলে ৩ লাখ ৯০ হাজারের বেশি প্রতিকূল গর্ভধারণ ও জন্মসংক্রান্ত জটিলতা দেখা দেয়।

যেভাবে ছড়ায় সংক্রমণ

ডব্লিউএইচও জানিয়েছে, যৌন সংস্পর্শের মাধ্যমে ৩০টির বেশি ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস ও পরজীবী ছড়াতে পারে। যোনিপথ, পায়ুপথ ও মুখমেহনের মাধ্যমে যৌন সম্পর্কের সময় এসব সংক্রমণ ছড়ানোর ঝুঁকি থাকে। গর্ভাবস্থা, সন্তান জন্মদান ও বুকের দুধ খাওয়ানোর সময় মা থেকে শিশুর শরীরেও কিছু সংক্রমণ ছড়াতে পারে। অনিরাপদ রক্ত সঞ্চালনের মাধ্যমেও সংক্রমণের আশঙ্কা রয়েছে।

এসব সংক্রমণের মধ্যে সিফিলিস, গনোরিয়া, ক্ল্যামাইডিয়া ও ট্রাইকোমোনিয়াসিস অ্যান্টিবায়োটিকের মাধ্যমে সাধারণত নিরাময় করা যায়। অন্যদিকে হেপাটাইটিস বি, হারপিস, এইচআইভি ও এইচপিভি ভাইরাসজনিত সংক্রমণ।

সংস্থাটির মতে, চিকিৎসা না করালে যৌনবাহিত সংক্রমণ নারীদের পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ ও বন্ধ্যত্বের কারণ হতে পারে। পাশাপাশি জরায়ুর বাইরে গর্ভধারণের ঝুঁকি বাড়ে। এসব সংক্রমণ এইচআইভি সংক্রমণের ঝুঁকিও বাড়াতে পারে। গর্ভাবস্থায় মা থেকে শিশুর শরীরে সংক্রমণ ছড়ালে মৃত সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু, কম ওজন নিয়ে জন্ম এবং অন্যান্য জটিলতা দেখা দিতে পারে।

প্রতিরোধ ও চিকিৎসা

ডব্লিউএইচও বলছে, সঠিকভাবে ও নিয়মিত কনডম ব্যবহার যৌনবাহিত সংক্রমণ প্রতিরোধের অন্যতম কার্যকর উপায়। তবে যৌনাঙ্গের বাইরের অংশে ঘা সৃষ্টি করে এমন কিছু সংক্রমণ থেকে কনডম পুরোপুরি সুরক্ষা দিতে পারে না। হেপাটাইটিস বি ও এইচপিভি প্রতিরোধে কার্যকর টিকাও রয়েছে।

এসব সংক্রমণের অনেক ক্ষেত্রে কোনও উপসর্গ থাকে না। উপসর্গ দেখা দিলেও তা নির্দিষ্ট না হওয়ায় রোগ শনাক্ত করা কঠিন হতে পারে। উন্নত দেশগুলোতে আধুনিক পরীক্ষার সুযোগ থাকলেও নিম্ন ও মধ্যম আয়ের অনেক দেশে প্রয়োজনীয় পরীক্ষা সহজলভ্য নয়। কোথাও পরীক্ষা ব্যয়বহুল, আবার কোথাও ফল পেতে দীর্ঘ সময় লাগে।

ক্ল্যামাইডিয়া, গনোরিয়া, সিফিলিস ও ট্রাইকোমোনিয়াসিস সাধারণত অ্যান্টিবায়োটিকে নিরাময়যোগ্য। তবে হারপিস ও এইচআইভির ওষুধ সংক্রমণ নিয়ন্ত্রণে রাখলেও রোগ পুরোপুরি সারাতে পারে না। হেপাটাইটিস বি-এর ক্ষেত্রে অ্যান্টিভাইরাল ওষুধ ভাইরাসের প্রভাব ও যকৃতের ক্ষতি কমাতে সহায়তা করে।

বিশ্বজুড়ে গনোরিয়ার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক প্রতিরোধক্ষমতা বেড়ে যাওয়াকে বড় হুমকি হিসেবে দেখছে ডব্লিউএইচও। এতে চিকিৎসার বিকল্প কমে আসছে বলে জানিয়েছে সংস্থাটি।

সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)

/এসএইচএম/
সম্পর্কিত
শীতে বাংলাদেশে বাড়তি বৃষ্টির আভাস, হিমালয়ে ভূমিধস-তুষারধসের শঙ্কা
শর্ত মানলে দ্রুতই হরমুজ প্রণালি খুলে দেবে ইরান
এশিয়ার শক্তিমত্তার সূচকে বাংলাদেশ ২০তম, কোন খাতে সবচেয়ে এগিয়ে?
সর্বশেষ খবর
সীমান্ত দিয়ে পলাতক কেউ ঢুকলে গ্রেফতার, সার্চলাইট-ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি
বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার সীমান্ত দিয়ে পলাতক কেউ ঢুকলে গ্রেফতার, সার্চলাইট-ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি
প্যারিস হয়ে নিউইয়র্ক যাচ্ছেন খলিলুর রহমান
প্যারিস হয়ে নিউইয়র্ক যাচ্ছেন খলিলুর রহমান
সরকার নোট অব ডিসেন্ট মেনেই জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে: মাহদী আমিন
সরকার নোট অব ডিসেন্ট মেনেই জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে: মাহদী আমিন
বাংলাদেশের আরিফ তিন ম্যাচ নিষিদ্ধ, জরিমানা রোনালদোর চেয়েও বেশি! 
বাংলাদেশের আরিফ তিন ম্যাচ নিষিদ্ধ, জরিমানা রোনালদোর চেয়েও বেশি! 
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক