আফগানিস্তানের বিয়ে বাড়িতে গান-বাজনা থামাতে নৃশংস হামলা চালিয়েছে একদল বন্দুকধারী। হামলায় তিনজন নিহত এবং আহত হয়েছেন অন্তত ১০ জন। তালেবান সরকার জানিয়েছে, তিন হামলাকারীর মধ্যে দুইজনকে আটক করতে সক্ষম হয়েছে নিরাপত্তা বাহিনী। রবিবার ৩১ অক্টোবর এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানান, শুক্রবার নানগারহার প্রদেশের সুরখ রোডে একই জায়গায় দুটি বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে রেকর্ড করা গান বাজানোর অনুমতি দেয় স্থানীয় তালেবান নেতা।
মধ্যরাতে একদল বন্দুকধারী জোর করে বিয়ের অনুষ্ঠানে প্রবেশ করে। তারা লাউড স্পিকার ভাঙার চেষ্টা করে। তখন অতিথিরা প্রতিবাদ জানালে অস্ত্রধারীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
এই ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। নানগারহারে এ ধরণের ঘটনা এর আগেও ঘটিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। প্রদেশটিতে তাদের কার্যক্রম চোখে পড়ার মতো। তবে এই হামলায় আইএস জড়িত কিনা এর দায় স্বীকার করেনি গোষ্ঠীটি।
তালেবান ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তান শাসনের সময় মিউজিক নিষিদ্ধ করে। তবে নতুন তালেবান সরকার এ সংক্রান্ত এখনও আদেশ জারি করেনি।
গত ১৫ আগস্ট তালেবান ক্ষমতায় আসার পর থেকে একাধিক শক্তিশালী হামলা চালিয়েছে আইএস। চলতি মাসে শিয়া মসজিদে আত্মঘাতী হামলা চালালে শতাধিক মানুষ প্রাণ হারান। হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয় জঙ্গি গোষ্ঠীটি।









