ইসরায়েলের সৈন্যদের সঙ্গে গোলাগুলিতে লেবাননের ধর্মভিত্তিক দল হিজবুল্লাহর চার সদস্য নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদ সংস্থা আলজাজিরার এক খবর এই তথ্য গুলো ধরা হয়েছে।
হিজবুল্লাহর দাবি, তাদের যোদ্ধারা উত্তর ইসরায়েলের বিরানিত ও আভিভিমে ইসরায়েলের সৈন্যদের ব্যারাকে মিসাইল ও মর্টার হামলা চালিয়েছে।
সংবাদমাধ্যমটি বলছে, সোমবার লেবানন সীমান্তে ইসরায়েল সিরিজ বোমা হামলা চালিয়েছে। এরপর থেকেই লেবানন-ইসরায়েল সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। হিজবুল্লাহ প্রতিক্রিয়া দেখানোর পর থেকে এটি আরও বেড়েছে।
লেবানন ও ইসরায়েলের মধ্যে বিরোধপূর্ণ সীমান্ত অঞ্চলে একাধিক বিস্ফোরণ ঘটেছে। সোমবার ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলার সতর্ক সংকেতের সময় এসব বিস্ফোরণ ঘটে। লেবাননের একাধিক সম্প্রচারমাধ্যমের প্রচারিত ফুটেজে দেখা গেছে, ইসরায়েলি হেলিকপ্টার সীমান্ত অঞ্চলটিতে উড়ছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, একটি ফাঁকা বাড়িতে অভিযান চালিয়েছে ইসরায়েল সৈন্যরা। সীমান্তের ওই অংশে জনবসতি নেই। এরপরই মূলত প্রতিক্রিয়া দেখায় হিজবুল্লাহ।
শনিবার থেকে সংঘর্ষে জড়িয়ে পড়েছে ফিলিস্তিন ও ইসরায়েল। ওই দিন সকালে অবরুদ্ধ গাজা থেকে ইসরায়েলে প্রবেশ করে হামলা চালায় কয়েক শ’ হামাস যোদ্ধা। পাশাপাশি ইসরায়েলে রকেট হামলা চালায় তারা। এর জবাবে গাজায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী, জারি করা হয়েছে সর্বাত্মক অবরোধ। এখন পর্যন্ত ফিলিস্তিনে ১৪ শতাধিক নিহতের খবর পাওয়া গেছে। হামাস অন্তত ১০০ জনকে বন্দি করে গাজায় নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।









