প্রেমিকার সঙ্গে একসঙ্গে জীবন প্রদীপ নিভিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের উত্তরপ্রদেশের এক যুবক। সেই অনুযায়ী প্রেমিকার হাত ধরে ব্রিজের ওপর চলেও এসেছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে ঘটলো উল্টো ঘটনা। প্রেমিক ব্রিজের ওপর থেকে যমুনা নদীতে লাফ দেওয়ার পরপরই সেখান থেকে চলে যান ওই প্রেমিকা।
বৃহস্পতিবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ‘নিউ যমুনা ব্রিজ’-এ এই অদ্ভুত ও নাটকীয় ঘটনা ঘটে। পুলিশ জানায়, নদীতে ঝাঁপ দেওয়া ওই যুবকের নাম আন্নু গুপ্ত।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ওই যুগল একসঙ্গে নিজেদের জীবন শেষ করে দেওয়ার উদ্দেশ্যে ব্রিজে এসেছিলেন। কিন্তু আন্নু গুপ্ত নদীতে লাফ দেওয়ার ঠিক পরের মুহূর্তেই ওই তরুণী আর কোনও কিছু না ভেবে সেখান থেকে হেঁটে চলে যান।
ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ এবং স্থানীয় ডুবুরিরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং একটি যৌথ উদ্ধার অভিযান শুরু করেন। তাদের অক্লান্ত ও দ্রুত প্রচেষ্টায় আন্নু গুপ্তকে নদী থেকে জীবিত ও সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ওই যুবককে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বর্তমানে তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন।
এই ঘটনার পেছনে প্রকৃত কারণ ও পরিস্থিতি কী ছিল, তা খতিয়ে দেখতে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। একই সঙ্গে আন্নুর সঙ্গে ব্রিজে আসা সেই প্রেমিকারও খোঁজ চালাচ্ছে কর্তৃপক্ষ। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনার সব কটি দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: ইন্ডিয়া টুডে

মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
ভারতে হাইড্রোজেনচালিত ট্রেন চালু, ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ দাবি মোদির







