পেট্রোলিয়াম লেভির বিরুদ্ধে জামায়াতে ইসলামীর ট্রেন মার্চ যখন মুলতানে এসে পৌঁছায়, ঠিক তখনই দলটির আমির হাফেজ নাঈম উর রেহমানের সাথে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জামায়াতের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী পাকিস্তান ফিরে না আসা পর্যন্ত ইসলামাবাদ অভিমুখে তাদের চলমান ‘সুপার ট্রেন’ লংমার্চ স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন। করাচিভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।
জামায়াতের আমির মুলতানে পৌঁছানোর পর ফেডারেল রাজধানীর দিকে দলটির ট্রেন মার্চ পরিচালনার প্রেক্ষাপটে এই অনুরোধ জানান প্রধানমন্ত্রী। মুখপাত্র আরও জানান, প্রধানমন্ত্রী শেহবাজ পাকিস্তান ফিরে আসার পর পেট্রোলিয়াম লেভি নিয়ে জামায়াতের সাথে অর্থপূর্ণ আলোচনায় বসারও আগ্রহ প্রকাশ করেছেন।
জবাবে হাফেজ নাঈম প্রধানমন্ত্রীকে বলেন, দলটির কোনও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর বা সরকারের সাথে সংঘাতের কোনও ইচ্ছা নেই। তবে তিনি স্পষ্ট করে বলেন, সাধারণ মানুষের উদ্বেগ তুলে ধরতেই জামায়াত রাজপথে নেমেছে এবং সরকারের উচিত তাদের প্রতিবাদের অধিকারকে সম্মান করা।
জামায়াতের আমির জানান, লং মার্চ স্থগিত করার প্রধানমন্ত্রীর অনুরোধে সাড়া দেওয়ার আগে দলটি তাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণকারী পরিষদ ‘শূরার’সাথে পরামর্শ করবে। সরকারের অনুরোধে মার্চ স্থগিত করা হলেও দলটি প্রতিবাদের অধিকার ছেড়ে দেবে না বলেও জানান তিনি।

‘এমন আচরণ শিশুরা করে’, ট্রাম্পকে নিয়ে কেন নতুন প্রশ্ন মনোরোগ বিশেষজ্ঞের?







