মহাবিশ্বের গড় তাপমাত্রার চেয়ে ২৮০ বিলিয়ন গুণ কম এবং পরম শূন্যের দশ ভাগের এক ভাগের চেয়েও কম, মাত্র ৯.৭ পিকোকেলভিন (পিকে) তাপমাত্রা তৈরি করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন চীনের পদার্থবিজ্ঞানীরা। চীনের মহাকাশ স্টেশন তিয়াংগং-এর মেংতিয়ান ল্যাবরেটরি মডিউলে এই ঐতিহাসিক পরীক্ষাটি চালানো হয়।
পরীক্ষাকালে অত্যন্ত কম তাপমাত্রায় পরমাণুর মেঘ শীতল করে পদার্থবিদ্যার ‘পঞ্চম অবস্থা’ হিসেবে পরিচিত বোস-আইনস্টাইন কনডেনসেট তৈরি করা হয়। ১৯২৪ সালে ভারতীয় পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু ও আলবার্ট আইনস্টাইন যৌথভাবে এই অবস্থার পূর্বাভাস দিয়েছিলেন। ওজনহীন মহাকাশ পরিবেশের সুযোগ কাজে লাগিয়ে ২০ হাজার রুবিডিয়াম পরমাণু ব্যবহার করে এই অভাবনীয় সাফল্য পান গবেষকরা।
২০২১ সালে আগের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড গড়েছিল জার্মানির লাইবনিজ ইউনিভার্সিটি হ্যানোভারের কোয়ান্টাম পদার্থবিজ্ঞানী আর্নস্ট রাসেলের দল। এই অর্জন নিয়ে সায়েন্স সাময়িকীকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি বিজ্ঞানীদের অভিনন্দন জানাই। আমি ভীষণভাবে অভিভূত।
বিজ্ঞানীদের মতে, এই সফলতা মহাকাশে কোয়ান্টাম সিমুলেশন এবং সুনির্দিষ্ট পরিমাপের নতুন যুগের উন্মোচন করবে। অতিমাত্রায় চরম পরিস্থিতিতে মৌলিক পদার্থবিজ্ঞানের নিয়ম কীভাবে পরিবর্তিত হয় এবং রহস্যময় কোয়ান্টাম অবস্থা কীভাবে কাজ করে, তা বুঝতে এটি নতুন দিগন্ত খুলে দেবে।
সূত্র: এনডিটিভি
চলতি বছরেই স্বর্ণের দাম প্রতি আউন্স ৬ হাজার ডলারে পৌঁছাবে?