জমকালো ডিভোর্স পার্টি দিয়ে নারী বললেন, ‘ভালোবাসার জন্য নিজেকে আর ছোট করব না’

আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬, ১৬:৪৩ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৬:৪৩

দাম্পত্য জীবনের অবসানকে ব্যর্থতা হিসেবে না দেখে নতুন শুরুর উপলক্ষ হিসেবে উদ্‌যাপন করেছেন দক্ষিণ কোরিয়ার এক নারী। বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার পর বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে জমকালো পার্টির আয়োজন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন ৩৭ বছর বয়সী চো সিউং-ইয়োন।

তার আয়োজনটি অনেকটা বিয়ের অনুষ্ঠানের মতোই ছিল। সাদা পোশাকে সজ্জিত হয়ে একটি অনুষ্ঠানের স্থানে উপস্থিত হন তিনি। সেখানে সাজানো ছিল অতিথিদের বসার জন্য টেবিল এবং বিশেষভাবে তৈরি কেক। বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে কেক কেটে নিজের জীবনের নতুন অধ্যায় উদ্‌যাপন করেন চো।

অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল অতিথিদের উদ্দেশে তার বক্তব্য। চোখের পানি সামলে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। ভালোবাসা পাওয়ার আশায় নিজের পরিচয় ও আত্মসম্মান বিসর্জন না দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন চো।

তিনি বলেন, ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে আর কখনও ছোট করব না। যা-ই ঘটুক না কেন, আর কখনও নিজেকে পরিত্যাগ করব না।

তবে বিবাহবিচ্ছেদকে প্রকাশ্যে উদ্‌যাপনের এই সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, একটি বিয়ের সমাপ্তি কেন এভাবে প্রকাশ্যে উদ্‌যাপন করতে হবে। তাদের মতে, বিবাহবিচ্ছেদ ব্যক্তিগত বিষয় হিসেবেই থাকা উচিত।

অন্যদিকে অনেকেই চোর সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। তাদের মতে, দাম্পত্য জীবনের সমাপ্তিকে জীবনের শেষ হিসেবে না দেখে নতুনভাবে পথচলার উপলক্ষ হিসেবে দেখা ইতিবাচক। একজন মন্তব্য করেছেন, মুক্তির জন্য অভিনন্দন। নতুন শুরুকে স্বাগত।

আরেকজন লিখেছেন, বাহ, দারুণ ভাবনা! আইডিয়াটি অসাধারণ। তৃতীয় একজনের মন্তব্য, বিবাহবিচ্ছেদ বিয়ের মতোই স্বাভাবিক। বিচ্ছেদকে স্বাভাবিক হিসেবে তুলে ধরা মানে বিচ্ছেদে উৎসাহ দেওয়া নয়; বরং বিচ্ছেদের পরও নিজের মতো করে জীবনযাপনের বিষয়টি সামনে আনা। এমন উদ্যোগকে আমি সমর্থন করি এবং প্রশংসা জানাই।

বিবিসিকে চো জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ায় বিবাহবিচ্ছেদ নিয়ে প্রচলিত সামাজিক নেতিবাচক ধারণাকে চ্যালেঞ্জ করাই ছিল তার আয়োজনের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে বিয়ের পরিচয়ের বাইরে নিজের স্বতন্ত্র পরিচয় ফিরে পাওয়ার বার্তাও দিতে চেয়েছেন তিনি।

দক্ষিণ কোরিয়ায় বিবাহবিচ্ছেদের পর এ ধরনের পার্টির আয়োজন এখনও খুব একটা প্রচলিত নয়। দেশটিতে বিচ্ছেদ নিয়ে সামাজিক সংকোচ রয়েছে, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। বিবাহবিচ্ছেদ সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে বদলালেও বিয়ের সমাপ্তিকে এখনও অনেক সময় নেতিবাচকভাবে দেখা হয়।

চোর এই আয়োজন সেই সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তার কাছে বিবাহবিচ্ছেদ কেবল একটি সম্পর্কের সমাপ্তি নয়, বরং নিজের পরিচয় ও আত্মসম্মানকে গুরুত্ব দিয়ে নতুনভাবে জীবন শুরু করার উপলক্ষ।

সূত্র: এনডিটিভি

 

 

 

/এসএইচএম/
সম্পর্কিত
‘শ্বাসরোধে হত্যা করা হয় এপস্টেইনকে’, সামনে আসলো নতুন তথ্য
রাশিয়ার সেতুতে টানা দ্বিতীয় দিন ইউক্রেনের ড্রোন হামলা
কোয়াড বৈঠক দিয়ে এশিয়া সফর শুরু করছেন ট্রাম্প
সর্বশেষ খবর
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক
আসছে ‘কল মি বে- ২’, অনন্যার প্রেমজীবনে নতুন ঝড়
আসছে ‘কল মি বে- ২’, অনন্যার প্রেমজীবনে নতুন ঝড়
ফিজিতে বাংলাদেশি পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা
ফিজিতে বাংলাদেশি পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা
আইপিএলে আর খেলবেন না ধোনি
আইপিএলে আর খেলবেন না ধোনি
সর্বাধিক পঠিত
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়