মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন আগেই। এবার বিদায় বললেন আইপিএলকেও!
আইপিএলের প্রথম আসর থেকে পথচলা শুরু। এরপর কেটে গেছে ১৯ বছর। এই দীর্ঘ সময়ে কখনো অধিনায়ক, কখনো ব্যাটার কিংবা উইকেটকিপারসহ নানা ভূমিকায় নিজেকে চিনিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এবার সেই খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন ভারতের সাবেক অধিনায়ক। তবে চেন্নাই সুপার কিংসের সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে না। ২০২৭ আইপিএলে দলটির মেন্টর হিসেবে নতুন দায়িত্ব পালন করবেন ৪৫ বছর বয়সী এই কিংবদন্তি।
মঙ্গলবার আইপিএল থেকে ধোনির অবসরের ঘোষণা দিয়েছে চেন্নাই সুপার কিংস। ২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী আসরে অংশ নেওয়া খেলোয়াড়দের মধ্যে তিনিই ছিলেন একমাত্র সক্রিয় ক্রিকেটার। সেই আসরে অধিনায়কদের একজনও ছিলেন ধোনি। ২০২৬ মৌসুমে অবশ্য পুরো আসরেই খেলতে পারেননি তিনি।
খেলোয়াড় ও অধিনায়ক দুই ভূমিকাতেই আইপিএলের অন্যতম আইকন হয়ে বিদায় নিচ্ছেন ধোনি। তার ধারাবাহিকতার একটি পরিসংখ্যানই যথেষ্ট। ২০২৪ সাল পর্যন্ত আইপিএলের কোনো দুটি মৌসুমেই ফাইনাল হয়নি তাকে ছাড়া। প্রথম আসরেই তার নেতৃত্বে ফাইনালে উঠেছিল চেন্নাই। তবে শিরোপার লড়াইয়ে রাজস্থান রয়্যালসের কাছে হেরে রানার্সআপ হয় দলটি।
ধোনির সঙ্গে চেন্নাইয়ের দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করেছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক ও সাবেক বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘এমএস ধোনিকে ছাড়া চেন্নাই সুপার কিংসের অস্তিত্ব নেই। প্রায় দুই দশক ধরে আমরা একসঙ্গে পথ চলেছি, একসঙ্গে বেড়ে উঠেছি। সাফল্য, ব্যর্থতা সবকিছুর মধ্য দিয়েই আমাদের এই যাত্রা।’
এই সম্পর্কের শক্তির জায়গা হিসেবে পারস্পরিক বিশ্বাসের কথা উল্লেখ করেছেন শ্রীনিবাসন। তার ভাষায়, ‘আমাদের সম্পর্ক এতটা দৃঢ় হওয়ার একটাই কারণ আমরা একে অপরের উদ্দেশ্য নিয়ে কখনো প্রশ্ন তুলি না। এই বিশ্বাসই আমাদের এই যাত্রা সম্ভব করেছে।’
ধোনির সঙ্গে চেন্নাইয়ের সম্পর্ক যে খেলোয়াড়ি জীবনের বাইরেও অটুট থাকবে, সেটিও স্পষ্ট করেছেন শ্রীনিবাসন। তিনি বলেন, ‘ধোনি সব সময় আমাদের পরিচয়ের অংশ হয়ে থাকবে। চেন্নাই সব সময় তার ঘর।’