রাশিয়ার দখলে থাকা ডনেস্ক অঞ্চলের একটি শহরে ইউক্রেনীয় গোলাবর্ষণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। ডনেস্ক অঞ্চলের রুশপন্থি প্রধান ডেনিস পুশিলিন রবিবার এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
পুশিলিন বলেছেন, হামলায় আরও অন্তত ১৩ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে জরুরিসেবার কর্মীরা কাজ করছেন। বিশেষজ্ঞরা হামলায় ব্যবহৃত অস্ত্রের খণ্ডাংশ সংগ্রহের চেষ্টা করছেন।
তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়ে ইউক্রেনের কোনও মন্তব্য পাওয়া যায়নি।
শহরটির রুশপন্থি মেয়র আলেক্সেই কুলেমজিন বলেছেন, ইউক্রেনীয় সেনারা দোকান ও বাজার থাকা ব্যস্ততম এলাকায় গোলাবর্ষণ করেছে।
গত বছর ইউক্রেনের যে চারটি অঞ্চল রাশিয়া নিজের ভূখণ্ডে একীভূত করেছে ডনেস্ক সেগুলোর একটি। বিশ্বের বেশিরভাগ দেশ রাশিয়ার এই উদ্যোগকে স্বীকৃতি দেয়নি। একীভূত করা চারটি অঞ্চলের পুরোপুরি নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে নেই।








