ইউক্রেন তিনটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া আরও সাতটি পেতে পশ্চিমা মিত্রদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার সাংবাদিকদের জেলেনস্কি বলেছেন, জার্মানির পক্ষ থেকে দুটি এবং নরওয়ের পক্ষ থেকে একটি প্যাট্রিয়ট সিস্টেমের নিশ্চয়তা পেয়েছি। এখন আমরা ডাচ অংশীদারদের সঙ্গে কাজ করছি।’
এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্য বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তার ঘোষণা দেন। এর মধ্যে প্যাট্রিয়ট সিস্টেমও রয়েছে। এর পরপরই ইউরোপীয় মিত্রদের সঙ্গে আলোচনা শুরু হয়। তারা অস্ত্র ক্রয় কর্মসূচিতে কীভাবে অবদান রাখতে পারে তা নিয়ে আলোচনা চলছিল।
রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউক্রেনের শহরগুলো লক্ষ্য করে হামলা চালানোর সময় এসব প্যাট্রিয়ট সিস্টেম সফলভাবে সেগুলো ভূপাতিত করছে বলে জানায় কিয়েভ।
জেলেনস্কি আরও জানান, ইউক্রেনের ২০২৬ অর্থবছরের বাজেটে ৪ হাজার কোটি ডলারের ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। পাশাপাশি, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম উৎপাদনের জন্য অতিরিক্ত ২৫০০ কোটি ডলার প্রয়োজন হবে।
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় পশ্চিমা সহায়তা ইউক্রেনের জন্য ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিশেষত, আকাশ প্রতিরক্ষায় সক্ষমতা বাড়ানো এখন কিয়েভের সর্বোচ্চ অগ্রাধিকার।








