ভারতের বিজেপি সরকারের সময়কালে বিভিন্ন সময় বিরোধীরা সংবাদমাধ্যম ও গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ তুলে থাকে। মঙ্গলবার রাজ্যসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাল্টা কংগ্রেস জমানার কথা মনে করিয়ে দিয়ে পাল্টা খোঁচা দিলেন শতাব্দী প্রাচীন দলকে।
কংগ্রেসকে আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, শহুরে নকশালরা কংগ্রেসের চিন্তাধারা দখল করেছে এবং তাই তাদের চিন্তাভাবনা ও কর্মকাণ্ড ধ্বংসাত্মক হয়ে উঠেছে। শহুরে নকশালরা খুব চতুরতার সঙ্গে কংগ্রেসের দুর্দশার সুযোগ নিয়েছে এবং তাদের চিন্তাধারায় ঢুকে গেছে এবং তাই তারা বারবার বলছে যে ইতিহাস বদলে যাচ্ছে।
মোদি অভিযোগ করেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নিষ্ক্রিয়তা এবং অহংকারের জন্যই গোয়া ভারতের স্বাধীনতার ১৫ বছর পর মুক্তি পায় ঔপনিবেশিক শক্তির হাত থেকে। আর গোয়ার সূত্র ধরে তিনি লতা মঙ্গেশকরের ভাইয়ের কথা তুলে ধরেন পার্লামেন্টে। তিনি বলেন, কংগ্রেস জমানায় অল ইন্ডিয়া রেডিও থেকে বের করে দেওয়া হয়েছিল সুরসম্রাজ্ঞীর ভাইকে।
মোদি বলেন, হৃদয়নাথ মঙ্গেশকর বীর সাভারকের লেখা একটি কবিতা পড়েছিলেন বলে সাত দিনের মধ্যে তাকে অল ইন্ডিয়া রেডিও থেকে বের করে দেওয়া হয়েছিল। নেহরুর বিরুদ্ধে কথা বলায় গীতিকার মাজরু সুলতানপুরিকে জেলে পাঠানো হয়েছিল।
পাশাপাশি এদিন ইন্দিরা গান্ধীর জমানায় জরুরি অবস্থার সময়ের কথা মনে করান মোদি। বলেন, ‘কিশোর কুমারকেও বের (অল ইন্ডিয়া রেডিও থেকে) করে দেওয়া হয়েছিল।
মোদি কংগ্রেসের পরিবারতন্ত্র নিয়েও ফের খোঁচা দেন। পাশাপাশি দাবি করেন, মহাত্মা গান্ধী চাইতেন যাতে কংগ্রেস ভেঙে যায়। তিনি অভিযোগ করেন, কংগ্রেস নিজেরা সরকারে থাকার সময় উন্নয়ন করেনি আর এখন বিরোধী আসনে বসে তারা দেশের উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে।








