ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিক্ষোভে করা মন্তব্যের ঘটনায় দায়ের হওয়া জিরো এফআইআর এখনও বহাল রয়েছে। মামলাটি এখন দিল্লি পুলিশের কাছে রয়েছে এবং তারা ভাইরাল ভিডিও পর্যালোচনাসহ বিভিন্ন যাচাই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।
গত ২৯ জুলাই নয়ডা পুলিশ সেক্টর-১৬৮-এর লোটাস জিং সোসাইটির বাসিন্দা ২৫ বছর বয়সী রুচিকা সিংয়ের বিরুদ্ধে একটি জিরো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) দায়ের করে। ২৩ জুলাই দিল্লির যন্তর-মন্তরে অনুষ্ঠিত এক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে করা মন্তব্যের জেরে এ মামলা হয়।
ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৩৫২, ৩৫৩(১) ও ৩৫৬(১) ধারায় মামলাটি করা হয়েছে। এসব ধারায় ইচ্ছাকৃত অপমান, জনসাধারণের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি এবং মানহানির অভিযোগ আনা হয়েছে।
ঘটনাটি দিল্লিতে ঘটায় মামলাটি পরবর্তী তদন্তের জন্য দিল্লি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভারতে জিরো এফআইআর এমন একটি ব্যবস্থা, যার মাধ্যমে অপরাধ যেখানে ঘটুক না কেন, যে কোনও থানায় অভিযোগ দায়ের করা যায়। প্রথমে অভিযোগটি ‘শূন্য’ নম্বরে নথিভুক্ত করা হয়। পরে তদন্তের এখতিয়ার থাকা সংশ্লিষ্ট থানায় সেটি পাঠিয়ে দেওয়া হয়, যেখানে নিয়মিত নম্বর দিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়। এই ব্যবস্থার ফলে ভিন্ন শহর বা রাজ্যে ঘটনা ঘটেছে, এই অজুহাতে পুলিশ যেন অভিযোগ নিতে অস্বীকৃতি জানাতে পারে না। বিশেষ করে নারী নির্যাতন বা অপহরণের মতো জরুরি ঘটনায় সময় নষ্ট না করে দ্রুত অভিযোগ নথিভুক্ত করার জন্য এ ব্যবস্থা চালু রয়েছে।
রুচিকা সিংয়ের বিরুদ্ধে দায়ের হওয়া জিরো এফআইআর প্রত্যাহার করা হয়নি। নয়ডা এক্সপ্রেসওয়ে থানার কাছ থেকে মামলাটি দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় পাঠানো হয়েছে। দিল্লি পুলিশ বর্তমানে মামলার নথি পরীক্ষা করছে, ভাইরাল ভিডিও পর্যালোচনা করছে এবং প্রয়োজনীয় যাচাই কার্যক্রম চালাচ্ছে।
এদিকে অভিযুক্ত ও তার পরিবার প্রকাশ্যে ভিডিও বার্তার মাধ্যমে এবং কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনার চিঠি দিয়ে মন্তব্যগুলোর জন্য গভীর অনুশোচনা প্রকাশ করেছেন।

গালিগালাজ সত্ত্বেও মোদির ক্ষমা: ‘আজ আমার মেয়ের নতুন জন্ম হলো’
আমার বয়স মাত্র ১৫, ক্ষমা করে দিন: মোদিকে গালাগালি করা তরুণীর আকুতি







