ইসরায়েলের সামরিক ঘাঁটি থেকে এক কোটি ৫০ লাখ ডলার মূল্যের অস্ত্র চুরি হয়ে গেছে। মঙ্গলবার ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, চুরি হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে রকেট, রকেট লাঞ্চার, মাইন এবং মেশিন গান।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের খবরে বলা হয়েছে, ২০১৩ থেকে ২০২০ সালের মধ্যে শত শত বন্দুক, প্রায় ৫০টি রকেট লাঞ্চার এবং অন্যান্য বহু ধরনের অস্ত্র চুরি হয়েছে।
সরকারি সূত্রের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়েছে, চুরি হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে অ্যাসল্ট রাইফেল, মেশিনগান, বিভিন্ন ধরনের গ্রেনেড, রকেট লাঞ্চার, বিস্ফোরক এবং দেড় লাখেরও বেশি গুলি।
চুরি হওয়া সব অস্ত্রের হিসাব সেনাবাহিনী না পাওয়ায় এগুলোর প্রকৃত মূল্য অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।








