নিউ ইয়র্ক থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেশে অবতরণের সময়কে লক্ষ্য করে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেনের হুথিরা। তেল আবিবের বেন গুরিওন বিমানবন্দর লক্ষ্য করে এই হামলা চালিয়েছে তারা। শনিবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এমন দাবি করেছেন। ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ এই খবর জানিয়েছে।
বিবৃতিতে জেনারেল সারি বলেছেন, নিউ ইয়র্ক থেকে ‘নেতানিয়াহু ফিরে আসার সময় আমরা ইসরায়েলের বেন-গুরিওন বিমানবন্দরকে ফিলিস্তিন-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছিলাম।’
সামরিক মুখপাত্র আরও বলেন, ‘আমরা শত্রুদের অপরাধের প্রতিক্রিয়া জানাতে থাকবো। একইসঙ্গে আমরা প্রতিটি স্তরে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে এবং গাজা ও লেবাননের প্রতিরক্ষায় অবদান রাখতে দ্বিধা করবো না।’
এসময় তিনি আরও বলেন, গাজা ও লেবাননের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ হলেই শুধু আমাদের অভিযান বন্ধ হবে।
হামলার সময় তেল আবিবের উত্তরে দুটি জেলায় সাইরেন বাজে এবং পরে সেসব এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।








