যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে 'বিশ্বাসের সংকট' কাটিয়ে অর্থবহ আলোচনা এখনও সম্ভব বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে একইসঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, এই অঞ্চলে কোনও সামরিক সংঘাত হলে তা দ্রুত ব্যাপক রূপ নিতে পারে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে রবিবার (১ ফেব্রুয়ারি) দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরানকে ঘিরে যুদ্ধের শঙ্কা নিয়ে তার চিন্তা নেই। বরং তিনি বেশি চিন্তিত ওয়াশিংটনকে সংঘাতে জড়ানোর জন্য বাইরের চেষ্টার কারণে সৃষ্ট ভুল তথ্য নিয়ে।
তিনি বলেন, “দুর্ভাগ্যবশত, আমরা একটি আলোচনা অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা হারিয়েছি। এই অবিশ্বাস কাটিয়ে উঠতেই হবে।”
এক প্রশ্নের জবাবে আরাঘচি উল্লেখ করেন, বর্তমানে পারস্য উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদানে সহায়তা করছে, যা আস্থা পুনরুদ্ধারের পথ তৈরি করতে পারে।
ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী না হতে পারে, সে লক্ষ্যে কাজ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ট্রাম্পের সেই লক্ষ্যের সঙ্গে তেহরানও একমত।”
তিনি আরও বলেন, “যদি যুক্তরাষ্ট্রের আলোচনা দল প্রেসিডেন্ট ট্রাম্প যা বলেছেন তা অনুসরণ করে ন্যায্য ও সমতাপূর্ণ চুক্তিতে আসে তাহলে আমি আরেকটি আলোচনার সম্ভাবনা দেখি । অবশ্যই, বিনিময়ে আমরা নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রত্যাশা করি।”
এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।








