ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক অর্থনীতির গতি থমকে গেছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এই সংঘাতের ফলে পণ্য বাজারে বিশৃঙ্খলা এবং নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ২০২৬ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে সংস্থাটি। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) আইএমএফ ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছর বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি হতে পারে ৩.১ শতাংশ। অথচ গত জানুয়ারি মাসেও এই প্রবৃদ্ধির হার ৩.৩ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি। মূলত যুদ্ধের কারণে পণ্য সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়া এবং উচ্চমূল্যই এই নিম্নমুখী সংশোধনের প্রধান কারণ।
একইসঙ্গে বিশ্বের বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধির পূর্বাভাসও সামান্য কমানো হয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানে হামলা এবং এর জবাবে তেহরানের পাল্টা পদক্ষেপের প্রভাবেই এই সংশোধন আনা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে বিশ্বজুড়ে তেল ও গ্যাসের দাম তীব্রভাবে বেড়েছে। এর প্রভাবে ২০২৫ সালের ৪.১ শতাংশ থেকে বৈশ্বিক মূল্যস্ফীতি ৪.৪ শতাংশে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ।
আইএমএফ সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা যদি দীর্ঘস্থায়ী হয়, তবে বিশ্ববাজার আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে, যা সামগ্রিক অর্থনৈতিক পুনরুদ্ধারের পথকে বাধাগ্রস্ত করবে।








