সৌদিতে ফের হুথিদের হামলা, হরমুজ নিয়ে আলোচনা স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৫ আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৫

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে। একই সময়ে লোহিত সাগর উপকূলে নিজেদের অবস্থান আরও শক্ত করছে তারা। এ পরিস্থিতিতে হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে রিয়াদে জরুরি আলোচনা চলছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সোমবার হুথিরা জানায়, দক্ষিণ সৌদির খামিস মুশাইত এলাকায় একটি সামরিক বিমানঘাঁটিতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে তারা। বিমান রাখার হ্যাঙ্গার, রাডার ব্যবস্থা, রানওয়ে ও গোলাবারুদের গুদাম ছিল হামলার লক্ষ্যবস্তু। সৌদি নেতৃত্বাধীন ইয়েমেন জোট জানিয়েছে, হামলায় ১৩ বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

হুথিদের সাম্প্রতিক অগ্রযাত্রার মধ্যে লোহিত সাগরের প্রবেশমুখে পেরিম দ্বীপ দখলের ঘটনাও রয়েছে। এর ফলে সৌদির তেল রফতানির ওপর আরও চাপ তৈরি হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিমান হামলায় সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ হয়ে যায়। রিয়াদ এ হামলার জন্য ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়াদের দায়ী করেছে।

১৯৮০-এর দশকে হরমুজ প্রণালির বিকল্প হিসেবে সৌদি আরব উপসাগর থেকে লোহিত সাগর পর্যন্ত ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ ওই পাইপলাইন নির্মাণ করেছিল। ব্যবসায়ীরা বলছেন, হরমুজ প্রণালিতে নৌ চলাচল প্রায় বন্ধ থাকার মধ্যে পাইপলাইনটি দীর্ঘ সময় বন্ধ থাকলে বৈশ্বিক তেল সরবরাহের ৪ শতাংশ পর্যন্ত ব্যাহত হতে পারে।

হুথিদের অগ্রযাত্রার জবাবে সৌদি ও ইয়েমেনি বিমানবাহিনী তাদের অবস্থানে হামলা বাড়িয়েছে। ঐতিহাসিক লোহিত সাগর বন্দর মোচার আশপাশেও হামলা হয়েছে। তবে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের কর্মকর্তাদের দাবি, লোহিত সাগর উপকূলের প্রায় পুরো অংশেই কার্যকর নিয়ন্ত্রণ ধরে রেখেছে হুথিরা।

এদিকে হরমুজ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে উপসাগরীয় আরব দেশগুলোর নির্ধারিত আলোচনা স্থগিত করা হয়েছে। এতে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও ছড়িয়ে পড়া এবং বৈশ্বিক তেল সরবরাহে নতুন করে হুমকি তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৬
১০ হাজার রুপি বেতনের তরুণের অ্যাকাউন্টে ১০ হাজার কোটি রুপি!
যুদ্ধজাহাজে স্টিলথ ড্রোনের উড্ডয়ন-অবতরণে সফল চীন
সর্বশেষ খবর
উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৬
উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৬
এমপি আব্দুল আজিজের বিষয়ে ৮ ঘণ্টা চললো বৈঠক, এরপর যে সিদ্ধান্ত হলো
এমপি আব্দুল আজিজের বিষয়ে ৮ ঘণ্টা চললো বৈঠক, এরপর যে সিদ্ধান্ত হলো
মাদক উদ্ধার অভিযানে এসআরবি’র ওপর হামলা, গ্রেফতার ২৬ জন কারাগারে
মাদক উদ্ধার অভিযানে এসআরবি’র ওপর হামলা, গ্রেফতার ২৬ জন কারাগারে
১০ হাজার রুপি বেতনের তরুণের অ্যাকাউন্টে ১০ হাজার কোটি রুপি!
১০ হাজার রুপি বেতনের তরুণের অ্যাকাউন্টে ১০ হাজার কোটি রুপি!
সর্বাধিক পঠিত
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
হাজারো মোমবাতির আলোয় আলোকিত গারো পাহাড়
হাজারো মোমবাতির আলোয় আলোকিত গারো পাহাড়