সামরিক আদালতের বিচারে দোষী সাব্যস্ত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের ১১ সদস্যের মৃত্যুদণ্ড অনুমোদন করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহেল শরীফ। পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: সিরিয়ার হাসপাতালে বিদ্রোহীদের হামলা, নিহত ৩
আইএসপিআর-এর বিবৃতিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ‘ভয়ঙ্কর সন্ত্রাসী’ বলে উল্লেখ করে বলা হয়, ‘তারা জঘণ্য অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। বেসামরিক মানুষ হত্যা, অপহরণ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার সঙ্গে তারা জড়িত ছিলেন। তারা স্কুল এবং যোগাযোগ স্থাপনা ধ্বংসের সঙ্গেও জড়িত ছিলেন।’
জঙ্গি এবং সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের অভিযোগ থাকা এসব আসামির বিচার হয় পাকিস্তানের সামরিক আদালতে। বিচার প্রক্রিয়া শেষে মঙ্গলবার জেনারেল শরীফ তাদের মৃত্যুদণ্ড অনুমোদন করেন।
আরও পড়ুন: তুরস্কের সঙ্গে ভিসা চুক্তিকে সমর্থন করবে ইইউ কমিশন
এর আগে চলতি বছরের মার্চ মাসের শুরুর দিকে ১৭ জঙ্গির মৃত্যুদণ্ড অনুমোদন করেন জেনারেল রাহেল শরীফ। তার মধ্যে একজন নাগা পর্বতে বিদেশি পর্যটক হত্যার সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া ওই ১৭ জঙ্গির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ স্কুলে হামলা চালানোর অভিযোগও প্রমাণিত হয়। সূত্র: ডন।
/এসএ/








