এ যেন ৫ মিনিটের ইসলামবিরোধিতা! ইসলামবিরোধী মিছিল ও বিক্ষোভের ডাক দিয়েছিল যুক্তরাজ্যের এক ইসলামবিরোধী সংঘটন। তবে শেষ পর্যন্ত মাত্র ২৪ মানুষ উপস্থিত হয়েছিলেন। আর মিছিল ও সমাবেশ করার পরিবর্তে বিক্ষোভকারীরা ৫ মিনিট দাঁড়িয়ে প্রতিবাদ স্থল ত্যাগ করেন। অবশ্য এ সময় প্রতিবাদস্থলে উপস্থিত ছিলেন বিক্ষোভকারীদের তুলনায় চারগুণ বেশি পুলিশ।
দ্য ইনডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, ইসলামবিরোধী বিক্ষোভটি আয়োজন করেছিল ‘দ্য ক্যাজুয়াল ইনফিডেলস’ নামক একটি সংগঠন। স্টাফোর্ডশায়ারের বার্টন এলাকায় রবিবার এ বিক্ষোভ আয়োজন করা হয়েছিল। সংগঠনটি নিজেদের ইসলামের বিরুদ্ধে লড়াইয়ে ‘মুক্ত আন্দোলনকারী’ হিসেবে দাবি করে। তারা জানিয়েছিল, যুক্তরাজ্যজুড়ে তাদের শাখা রয়েছে। তবে তাদের ফেসবুক পেজে লাইক সংখ্যা মাত্র ৪০০।
আরও পড়ুন: ট্রাম্পের নিষেধাজ্ঞায় নাম থাকবে না যে মুসলমানের
স্থানীয় বার্টন মেইলের খবরে উল্লেখ করা হয়েছে, উপস্থিতি কম হওয়ায় আয়োজকরা মিছিল বাদ দেওয়ার চিন্তা করেছিলেন।
প্রতিবাদস্থলে উপস্থিত হলে পুলিশ তাদের মিছিল শুরু করতে বলে। এ সময় তারা মিছিল শুরুর আগে কিছুক্ষণ অপেক্ষা করার কথা জানান। যাতে আরও কেউ মিছিলে অংশ নিতে আসে কি না দেখার জন্য। পুলিশ তাদের অনুমতি না দেওয়ায় ২০০ মিটার মিছিল করে সমাবেশস্থলে যান বিক্ষোভ কারীরা। এখানে তাদের নেতারা বক্তব্য দেওয়ার কথা ছিলো। কিন্তু বক্তব্য দেওয়ার মতো কেউ না থাকায় ৫ মিনিট অপেক্ষা করে সব বিক্ষোভকারীরা চলে যান।
আরও পড়ুন: ইরাকে বিমান হামলায় শীর্ষস্থানীয় আইএস নেতা নিহত
স্থানীয় পুলিশের প্রধান পরিদর্শক স্টিভ মাসক্রে জানান, বিক্ষোভের আগে পুলিশ সংগঠনটি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়। সবার নিরাপত্তা নিয়েই পুলিশের উদ্বেগ ছিল। কোনও রকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ছাড়াই বিক্ষোভটি শেষ হওয়ায় পুলিশ আনন্দিত। তিনি বলেন, এ ধরনের একটি ঘটনার প্রভাব স্থানীয় সমাজে পড়তে বাধ্য। স্থানীয় জনগণ আমাদের পরামর্শ গ্রহণ করায় আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট।
/এএ/বিএ/







