যুদ্ধ ও দারিদ্র থেকে পালিয়ে ইউরোপে অভিবাসন প্রত্যাশী শিশুদের মধ্যে একটি বড় অংশই শারিরীক নির্যাতন, ধর্ষণ ও বাধ্যতামূলক শ্রমশোষণের শিকার হচ্ছে এবং ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার আশঙ্কায় রয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। মঙ্গলবার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এ কথা জানায়।
অভিবাসন প্রত্যাশী ও উদ্বাস্তুদের মধ্যে শিশুর সংখ্যা বাড়ছে বলেও জানায় ইউনিসেফ। ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়, ‘প্রতি পদে বিপদের ঝুঁকির মধ্যে রয়েছে’ ওই শিশুরা।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার দেওয়া তথ্যমতে, এ বছরের জুন পর্যন্ত সমুদ্রপথে ইউরোপে পৌঁছেছে অন্তত ২ লক্ষ ৬ হাজার ২ শ’ অভিবাসন প্রত্যাশী যাদের মধ্যে প্রতি তিনজনে একজন শিশু।
ইউনিসেফের প্রতিবেদনে আরও বলা হয়, ‘এই যাত্রার প্রতি পদে বিপদের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে এই শিশুদের, এদের মধ্যে প্রায় প্রতি চারজনে একজন শিশু বাবামা অথবা কোন অভিভাবক ছাড়াই ভ্রমণ করছে বিপদসঙ্কুল এই পথ।’
‘সবচেয়ে প্রান্তিক নারী ও শিশুরা মানব পাচারকারী চক্রের হাতে পড়ছে, এমন প্রমাণ রয়েছে।’
আরও পড়ুন: গাম্বিয়ায় রমজানে নাচ-গান নিষিদ্ধ
ইউনিসেফের ওই প্রতিবেদনে আরও বলা হয়, ‘শিশু রক্ষা কেন্দ্র বা অন্য কোন বিকল্পের অভাবের কারণে শিশুদের প্রায়ই কারাগারে বা পুলিশ হেফাজতে রাখতে হচ্ছে।’
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জেইদ রা’দ আল হুসেন এই বাস্তবতায় উদ্বেগ প্রকাশ করেছেন ও কর্তৃপক্ষের কাছে শিশুদের পুনর্বাসনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
সূত্র: রয়টার্স
/ইউআর/








