যুক্তরাজ্যের আগাম নির্বাচনের ফলাফলে ঝুলন্ত পার্লামেন্ট গঠনের সম্ভাবনা উঠে আসায় দেশটির মুদ্রা পাউন্ড স্টার্লিংয়ের দরপতন হয়েছে। তবে বেড়েছে শেয়ার বাজারের সূচক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার ফলে ডলারের বিপরীতে পাউন্ড স্টার্লিংয়ের দাম ১.৭ শতাংশ কমে ১.২৭ ডলারে দাঁড়িয়েছে। এ অবস্থার মধ্যেই শেয়ার বাজারের সূচক ০.৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৫০৮.৪৭।
বৃহস্পতিবার (৮ জুন) অনুষ্ঠিত নির্বাচনে বিজয় লাভ করলেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি থেরেসা মে’র দল কনজারভেটিভ পার্টি। সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে দলটিকে ৩২৬টি আসনে জয় পেতে হতো। কিন্তু ৬৫০টি আসনের মধ্যে ৬৪৯টি আসনের ফলাফলে দলটি পেয়েছে ৩১৮টি আসন। অর্থাৎ, ঝুলন্ত পার্লামেন্ট পরিস্থিতি তৈরি হয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, পাউন্ডের দরপতনের কারণে শেয়ার বাজারের সূচক বৃদ্ধি পাওয়ার কারণ হতে পারে। কারণ বেশির ভাগ কোম্পানিরই বিদেশে বড় ধরনের বিনিয়োগ রয়েছে। ফলে পাউন্ডের দরপতন মানেই বিদেশে কোম্পানিগুলোর মুনাফা বৃদ্ধি। কারণ স্থানীয় মুদ্রাকে পাউন্ডে রূপান্তরের ফলে এই মুনাফা আসে।
শেয়ার বাজারের সবচেয়ে বেশি মূল্য বেড়েছে আন্তর্জাতিক কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন ও ডিয়াগেও-এর। এই দুই কোম্পানির শেয়ারের দাম ২ শতাংশের চেয়েও বেশি বেড়েছে।
কিন্তু শুধু যুক্তরাজ্যে বাণিজ্য করা কোম্পানিগুলোর শেয়ারের দরপতন হয়েছে। হাউসবিল্ডার্স-এর শেয়ারের দাম কমেছে ৫ শতাংশ।
বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে ভোক্তাদের খরচ করার প্রবণতা কমে যেতে পারে। সূত্র: বিবিসি।
আরও পড়ুন:
- সরকার গঠন করতে চান থেরেসা মে, রানীর অনুমতির অপেক্ষায়
- যুক্তরাজ্যে ঝুলন্ত পার্লামেন্ট: ব্রেক্সিট আলোচনা নিয়ে সংশয়ে ইইউ
- পরাজয়ের পরও লেবার পার্টির ফলাফলে খুশি করবিন
/এএ/







