সন্ত্রাসবিরোধী যুদ্ধের ব্যয় বহনের জন্য পাকিস্তানকে ৮০০ মিলিয়ন ডলার তহবিল দেবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন সিনেট আর্মড সার্ভিসেস কমিটি এই তহবিল সংক্রান্ত একটি বিল অনুমোদন করে।
নতুন এই বিল অনুমোদনের ফলে এখন থেকে পাকিস্তানকে আর আফগানিস্তানের সঙ্গে জোটগতভাবে সন্ত্রাসবাদবিরোধী তহবিল ব্যয় করতে হবে না। নতুন এ তহবিল স্বতন্ত্রভাবে ব্যয় করতে পারবে তারা। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় এই তহবিল ব্যয় করা হবে।
এর আগে মার্কিন সিনেট আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান সিনেটর জন ম্যাককেই পাকিস্তানকে ৮০০ মিলিয়ন ডলার তহবিল দেওয়ার প্রস্তাব সমন্বিত বিলটি উত্থাপন করেন। বিলটিতে সন্ত্রাসবিরোধী যুদ্ধের ব্যয় বহনের কথা বলা হয়েছিল। গত ১৮ মে পাস হওয়া ন্যাশনাল ডিফেন্স অথোরাইজেশন অ্যাক্ট, ২০১৭র সিনেট ভার্সনে প্রস্তাবটি যুক্ত করা হয়। এরপর তা অনুমোদন পায়।
উল্লেখ্য, পাকিস্তানের সঙ্গে বর্তমান চুক্তি অনুসারে যুক্তরাষ্ট্র জোট সহায়তা তহবিলের (কোয়ালিশনসাপোর্টফান্ড-সিএসএফ) মাধ্যমে অর্থ সহায়তা দিয়ে থাকে। ওই তহবিলের মাধ্যমে ২০১৩ সাল থেকে এ পর্যন্ত ইসলামাবাদকে ৩.১ বিলিয়ন ডলার দিয়েছে তারা।এই সিএসএফের মেয়াদ ২০১৬ অর্থবছরের অক্টোবরে শেষ হচ্ছে।
নতুন পাস হওয়া বিলটি ওই সিএসএফের-ই স্থলাভিষিক্ত হবে। সিএসএফ অনুসারে বরাদ্দ তহবিল যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের সঙ্গে জোটগতভাবে ব্যয় করতে হতো।নতুন বিলটিতে যুদ্ধের ব্যয় কাঠামো একই থাকলেও তা মূলত পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে ব্যয় করা হবে।এর ফলে পাকিস্তান ও আফগানিস্তান জোটও অপ্রয়োজনীয় হয়ে পড়বে।
এদিকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে (হাউজ অব রিপ্রেজেন্টেটিভস) আরেকটি বিল পাস হয়। ওই বিলে পাকিস্তানের জন্য বরাদ্দ ৯০০ মিলিয়ন ডলারের মধ্যে ৪৫০ মিলিয়ন ডলার ছিল হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যবহারের জন্য। তবে সিনেটে পাস হওয়া বিলটি স্বতন্ত্র। সূত্র: ডন
আরও পড়ুন:
/এএ/বিএ/








