বিশ্বের বিভিন্ন দেশের গোপন নথি ফাঁসকারী উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ জানিয়েছেন, হিলারি ক্লিনটনের আরও গোপন ইমেইল ফাঁস করা হবে। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় যেসব ইমেইল আদান-প্রদান করেছেন, সেগুলোই ফাঁস করা হবে বলে জানিয়েছেন অ্যাসাঞ্জ।
রবিবার আইটিভিকে দেওয়া এক সাক্ষাতকারে হিলারির ইমেইল ফাঁস করার বিষয়টি জানিয়েছেন অ্যাসাঞ্জ। তিনি বলেন, আমাদের আসন্ন ফাঁসের তথ্য হবে হিলারিকে নিয়ে। হিলারির অপ্রকাশিত ইমেইল আমাদের কাছে রয়েছে, এটা সত্য। অবশ্য কবে ও কতগুলো ইমেইল প্রকাশ করা হবে তা জানাননি তিনি।
২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত হিলারি ক্লিনটন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এ সময় তিনি ব্যক্তিগত ই-মেইল সার্ভার থেকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইমেইল পাঠান এবং গ্রহণ করেন বলে অভিযোগ রয়েছে।
অ্যাসাঞ্জ বলেন, মার্কিন অ্যাটর্নি জেনারেল লোরেটা লিঞ্চ হিলারিকে অভিযুক্ত করবেন না।
গত মার্চে উইকিলিকস হিলারির ৩০ হাজার ৩২২টি ই-মেইল নিয়ে অনুসন্ধান আর্কাইভ চালু করে।
অ্যাসাঞ্জ জানান, এসব ইমেইল প্রকাশ করার কারণ এটা দেখানো যে, পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকালে হিলারি কীভাবে লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতে চাপ প্রয়োগ করেছিলেন।
হিলারির বিরুদ্ধে ব্যক্তিগত ইমেইলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানের বিষয়টি নিয়ে তদন্ত করছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। ব্যক্তিগত ইমেইলে মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান আইনে লঙ্ঘন। উইকিলিকস যদি হিলারির আরও গোপন ইমেইল ফাঁস করে তাহলে নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের অবস্থান আরও শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে।
হিলারির অন্যতম সমালোচক হিসেবে পরিচিত অ্যাসাঞ্জ। হিলারিকে তিনি যুদ্ধবাজ বাজপাখি হিসেবে অভিহিত করেছেন। হিলারিকে অ্যাসাঞ্জের মন্তব্য তার ব্যক্তিগত হলেও ইমেইল ফাঁসের ঘটনায় বিপদে পড়তে পারেন হিলারি। সূত্র: দ্য গার্ডিয়ান।
আরও পড়ুন:
- ফ্লোরিডার নাইটক্লাবে হামলাকারী বউ পেটাতেন!
- যেভাবে হামলা চালানো হয় ফ্লোরিডার সেই নাইটক্লাবে
- প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলা
/এএ/








