যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে ১৯৭৮ সাল থেকে নিখোঁজ এক নারীর সন্ধান করতে গিয়ে ডুবুরিরা একটি ডুবন্ত গাড়ি ও মানুষের দেহাবশেষ খুঁজে পেয়েছেন। গত শুক্রবার শহরটির ফিশ অ্যান্ড গেম সার্চ নামের একটি কোম্পানির ডুবুরিরা ডুবন্ত গাড়িতে মানুষের দেহাবশেষ খুঁজে পান। ধারণা করা হচ্ছে এগুলো ৪৩ বছর আগের হারিয়ে যাওয়া নারীর। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্য পুলিশ এক ফেসবুক পোস্টে জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, গাড়িটি সম্ভবত আলবার্টা লিমানের। ১৯৭৮ সাল থেকে নিখোঁজ রয়েছেন। ওই পোস্টে জানানো হয়েছে গাড়িটি মিট অর্নে কাভার্ড সেতু থেকে প্রায় এক মাইল দক্ষিণে কানেক্টিকাট নদীতে ডুবন্ত অবস্থায় পাওয়া গেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দৃশ্যত গাড়িটি কয়েক দশক ধরে পানিতে ডুবে ছিলো। আর বিশেষ ধরনের যন্ত্র ব্যবহার করে এটি খুঁজে পায় নিউ হ্যাম্পশায়ার ফিশ অ্যান্ড গেম গ্রুপ।
গাড়িটি যে স্থানে পাওয়া গেছে তার পাশ দিয়ে একটি সড়ক চলে গেছে। আর নদীর প্রায় ১৪ ফুট গভীরে এটি উল্টো অবস্থায় পড়ে ছিলো। এর অর্ধেক অংশ প্রায় কাঁদামাটিতে ঢাকা পড়ে ছিলো।
নিউ হ্যাম্পশায়ার ফিশ অ্যান্ড গেম লিমিটেডের কর্মকর্তা রবার্ট মানচিনি বলেন, ‘গতকাল যে গাড়িটি পাওয়া গেছে সেটি ১৯৭২ সালে পন্টিয়াক লিমানস, এর লাইসেন্স প্লেট ০বি৬১০। এই লাইসেন্সটি ওই সময়ে আলবার্টা লিমানের নামের রেজিস্টার্ড ছিলো।’
১৯৭৮ সালের ২৫ জুলাই নিখোঁজের সময় আলবার্ট লিমানের বয়স ছিলো ৬৩ বছর। তবে গাড়িতে যে দেহাবশেষ পাওয়া গেছে তা ওই নারীর কিনা তা এখনও শনাক্ত করেননি কর্মকর্তারা। গাড়িটি কিভাবে ডুবে যায় তা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়া লিমানের হারিয়ে যাওয়াকে সন্দেহজনক বলে বিবেচনা করা হচ্ছে না আর এতে জনসাধারণের কোনও বিপদের আশঙ্কাও দেখা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।







