হত্যা চেষ্টা থেকে বেঁচে যাওয়ার একদিন পরই রিপাবলিকান জাতীয় সম্মেলনে যোগ দিতে উইসকনসিনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৫ জুলাই) থেকে বৃহস্পতিবার পর্যন্ত উইসকনসিনের মিলওয়াকিতে দলীয় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনেই ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প জানিয়েছেন, হামলার পর তিনি তার সফর দুই দিন পিছিয়ে দেওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু পরে সিদ্ধান্ত নেন, একজন হামলাকারী বা সম্ভাব্য আততায়ীকে তার সময়সূচি পরিবর্তন বা অন্য কিছু করতে দিতে পারেন না।
ট্রাম্পের ওপর হামলার পর সম্মেলনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে সিক্রেট সার্ভিসের রিপাবলিকান জাতীয় কমিটির সমন্বয়ক অড্রে গিবসন-সিচিনো রবিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সম্মেলনের নিরাপত্তা পরিকল্পনায় কোনও পরিবর্তন হবে না। চার দিনের সম্মেলনে অন্তত ৫০ হাজার লোকের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।
এই সম্মেলনেই ট্রাম্প তার রানিং মেট বা ভাইস-প্রেসিডেন্ট বেছে নেবেন। যদিও বৃহস্পতিবারের আগে তিনি সম্মেলনে ভাষণ দেবেন না বলে জানা গেছে। বুধবার ট্রাম্পের ছেলে জুনিয়র ট্রাম্প ভাষণ দেবেন। সম্মেলনে অংশ নেবেন ট্রাম্পের স্ত্রী মেলেনিয়া ট্রাম্প। যদিও তাকে খুব কমই জন সম্মুখে দেখা যায়।
এবারের সম্মেলনে রিপাবলিকান অনেক প্রার্থীর অংশ নেওয়ার কথা ছিল না। এর মধ্যে রিপাবলিকান প্রাইমারি চলাকালে ট্রাম্পের অন্যতম প্রতিদ্বন্দ্বী দক্ষিণ ক্যারোলাইনার গভর্নর নিকি হ্যালি ছিলেন অন্যতম। তবে ট্রাম্পের ওপর হামলার পর তিনি শুধু অংশই নেবেন না, সম্মেলনে বক্তব্যও রাখবেন বলে জানা গেছে।
রিপাবলিকান জাতীয় সম্মেলনে এবারে সোমবারের থিম হচ্ছে-‘আমেরিকাকে আবারও সম্পদশালী করুন’, মঙ্গলবারের থিম-‘আমেরিকাকে আবারও সুরক্ষিত করুন’, বুধবারের থিম-‘আমেরিকাকে আবারও শক্তিশালী করুন’ এবং বৃহস্পতিবারের থিম-‘আমেরিকাকে আবারও মহান করুন’।
প্রতি চার বছরে নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের প্রধান দুই দল নিজেদের প্রেসিডেন্ট প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে নির্বাচন করতে সম্মেলনের আয়োজন করে। আগামী মাসে শিকাগোতে ডেমোক্র্যাটিক পার্টির সম্মেলন অনুষ্ঠিত হবে।







