৫০ হাজার টাকা মাসিক ভাতার দাবি মেনে না নেওয়া হলে আগামী রবিবার (২৩ জুলাই) মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন বেসরকারি পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। সোমবার (১৭ জুলাই) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন তারা।
কর্মসূচি ঘোষণা করে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন বলেন, ভাতা বৃদ্ধির বিষয়ে আজকালের মধ্যে একটি মিটিং হওয়ার সম্ভাবনা আছে। সেখান থেকে একটি সিদ্ধান্ত আসতে পারে। তবে শনিবারের মধ্যে যদি সুনির্দিষ্ট প্রস্তাবনা না আসে, রবিবার মহাসমাবেশের ডাক দেওয়া হবে। ইন্টার্ন চিকিৎসকদের আমরা খোলা আহ্বান জানাবো, তারা যাতে আমাদের আন্দোলনে শরিক হয়। সবাইকে সঙ্গে নিয়ে আমরা এ আন্দোলন করতে চাই।
তিনি বলেন, ইতোমধ্যে ইন্টার্নরা আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। আমরা চেষ্টা করবো সবার সঙ্গে সমন্বয় করে একটি বড় কর্মসূচি দেওয়ার। দাবি আদায়ে যা করা দরকার সবকিছু করবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।
এর আগে সোমবার বেলা ১১টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনের রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করেন চিকিৎসকরা। আন্দোলনকারী চিকিৎসকরা বলেন, সাতদিনের মধ্যে আমরা প্রজ্ঞাপন নিয়ে ঘরে ফিরতে চাই। আমরা কোনও দয়া-দক্ষিণা চাই না। ৫০ হাজার টাকা ভাতা আমাদের অধিকার। ২৫ হাজার টাকা ভাতা আমরা কোনোভাবেই মেনে নেবো না।









