শাড়ির টানে বিভিন্ন তাঁতপল্লিতে, ভ্রমণের সঙ্গে হবে কেনাকাটাও

জীবনযাপন ডেস্ক
০১ অক্টোবর ২০২৬, ১৬:১০ আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১৬:১০

শাড়ি কেনা যদি শুধু কেনাকাটায় সীমাবদ্ধ না থেকে হয়ে ওঠে এক টুকরো ভ্রমণের অভিজ্ঞতা, তাহলে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন তাঁতপল্লি হতে পারে দারুণ গন্তব্য। দোকানের সাজানো তাকের বদলে সরাসরি তাঁতিদের এলাকায় গিয়ে শাড়ি বোনা দেখা, স্থানীয় বাজার ঘোরা আর পছন্দের শাড়ি সংগ্রহ এক সফরেই মিলবে নানা স্বাদ।

ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে নিজস্ব বয়নশৈলীর জন্য পরিচিত বেশ কিছু জনপদ। কোথাও বালুচরী, কোথাও কাঁথাস্টিচ, আবার কোথাও জামদানি কিংবা ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি। প্রতিটি এলাকার শাড়ির নকশা ও বুননে রয়েছে আলাদা বৈশিষ্ট্য।

শান্তিনিকেতন ও কাঁথাস্টিচ (ছবি: সংগৃহীত)

শান্তিনিকেতনে কাঁথাস্টিচের টানে

শান্তিনিকেতনের সঙ্গে শিল্প ও সংস্কৃতির সম্পর্ক বহু পুরনো। এখানকার সোনাঝুরি হাট ও বিভিন্ন দোকানে কাঁথাস্টিচের শাড়ির পাশাপাশি পাঞ্জাবি, চাদর, জ্যাকেটসহ নানা পোশাক পাওয়া যায়। সূক্ষ্ম সেলাইয়ে ফুল, লতা, পাখি ও নানা নকশা ফুটিয়ে তোলা কাঁথাস্টিচের কাজ শাড়িগুলোকে আলাদা করে চেনায়।

শান্তিনিকেতনে বাটিক, খেস, কলমকারি ও কাপড়ে নকশার কাজ করা বিভিন্ন পোশাকও পাওয়া যায়। কেনাকাটার পাশাপাশি রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত স্থান, সোনাঝুরি এলাকা ও আশপাশের গ্রাম ঘুরে দেখতে পারেন। কলকাতা থেকে সড়কপথে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘণ্টায় পৌঁছানো যায়। হাওড়া থেকে ট্রেনেও যাওয়া সম্ভব।

রেশম ও বালুচরীর খোঁজে মুর্শিদাবাদে (ছবি: সংগৃহীত)

মুর্শিদাবাদে রেশম ও বালুচরীর খোঁজে

রেশম ও বালুচরীর প্রতি আগ্রহ থাকলে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের তাঁতপাড়া ঘুরে দেখতে পারেন। তাঁতিদের এলাকায় গেলে কাছ থেকে দেখা যায় কীভাবে সুতোয় ধীরে ধীরে ফুটে ওঠে শাড়ির নকশা। পছন্দ হলে সেখান থেকেই সংগ্রহ করা যায় রেশম, বালুচরী ও অন্যান্য ঐতিহ্যবাহী শাড়ি।

কেনাকাটার পাশাপাশি মুর্শিদাবাদের ঐতিহাসিক স্থাপত্যও ঘুরে দেখা যায়। হাজারদুয়ারি প্রাসাদ, আজিমগঞ্জ-জিয়াগঞ্জের পুরনো স্থাপত্য, জৈন মন্দির ও বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা মিলিয়ে দুই দিনের সফরও পরিকল্পনা করা যায়। হাওড়া থেকে ট্রেনে আজিমগঞ্জ বা বহরমপুর পৌঁছে সেখান থেকে সড়কপথে বিভিন্ন এলাকায় যাওয়া যায়।

বালুচরীর সঙ্গে টেরাকোটার শহর বিষ্ণুপুর (ছবি: সংগৃহীত)

বিষ্ণুপুরে বালুচরীর সঙ্গে টেরাকোটার শহর

বিষ্ণুপুর মানেই টেরাকোটার মন্দির, প্রাচীন স্থাপত্য আর বালুচরীর ঐতিহ্য। এখানকার তাঁতিপাড়ায় গেলে সরাসরি তাঁতিদের কাছ থেকে বালুচরী, স্বর্ণচরী ও গরদের মতো শাড়ি কেনার সুযোগ রয়েছে। শাড়ির নকশায় পৌরাণিক কাহিনি ও নানা ঐতিহ্যবাহী দৃশ্যের ব্যবহার বালুচরীকে বিশেষ করে তুলেছে।

শাড়ির পাশাপাশি রাসমঞ্চ, জোড়বাংলা মন্দির, শ্যামরাই মন্দির, মদনমোহন মন্দির ও দলমাদল কামান ঘুরে দেখতে পারেন। ফলে কেনাকাটার সঙ্গে ইতিহাস ও স্থাপত্যের স্বাদও মিলবে। হাওড়া থেকে ট্রেনে সরাসরি বিষ্ণুপুর যাওয়া যায়।

ধনেখালির তাঁতবাড়ি (ছবি: সংগৃহীত)

ধনেখালিতে তাঁতবাড়ির অভিজ্ঞতা

হুগলির ধনেখালি পরিচিত তার নিজস্ব তাঁতের শাড়ির জন্য। এখানকার শাড়িতে বিশেষ ধরনের ‘খেজুরছড়ি’ নকশা দেখা যায়। মদনমোহনতলা, সোমাসপুরসহ আশপাশের এলাকায় রয়েছে বহু তাঁতিবাড়ি। সেখানে গিয়ে শাড়ি তৈরির কাজ কাছ থেকে দেখার পাশাপাশি সরাসরি শাড়ি কেনার সুযোগও রয়েছে।

ধনেখালি ঘুরতে গেলে কাছাকাছি দশঘরার জমিদারবাড়িও দেখে নিতে পারেন। পুরনো স্থাপত্যের নানা নিদর্শন নিয়ে এই এলাকাটি এক দিনের ভ্রমণের জন্যও আকর্ষণীয়। হাওড়া-বর্ধমান কর্ড লাইনের বিভিন্ন স্টেশন থেকে সড়কপথে ধনেখালিতে পৌঁছানো যায়।

তাঁতের শাড়ি ও জামদানির খোঁজে ফুলিয়ায় একদিন (ছবি: সংগৃহীত)

ফুলিয়ায় তাঁতের শাড়ি ও জামদানির খোঁজে

নদিয়ার ফুলিয়া দীর্ঘদিন ধরেই তাঁতের শাড়ির জন্য পরিচিত। দেশভাগের পর টাঙ্গাইল অঞ্চল থেকে আসা তাঁতিদের বয়নশৈলী ও শান্তিপুরের ঐতিহ্য মিলিয়ে ফুলিয়ায় গড়ে ওঠে স্বতন্ত্র তাঁতের ধারা। ফুলিয়া টাঙ্গাইল শাড়ির পাশাপাশি রেশম, তসর ও জামদানিও পাওয়া যায়।

কেনাকাটার ফাঁকে ফুলিয়ার কবি কৃত্তিবাস ওঝার স্মৃতিবিজড়িত স্থান ঘুরে দেখা যায়। চাইলে কাছের শান্তিপুরে গিয়ে রাত কাটিয়ে সেখানকার পুরনো মন্দির ও গঙ্গার পাড়ও ঘুরে নিতে পারেন। শিয়ালদহ থেকে ট্রেনে ফুলিয়া পৌঁছে টোটো বা স্থানীয় যানবাহনে তাঁতিপাড়া ও বাজার এলাকায় যাওয়া যায়।

শাড়ি কেনার জন্য শুধু শহরের বাজারে ঘোরার বদলে এবার সরাসরি তাঁতিদের জনপদে গেলে কেনাকাটার সঙ্গে যুক্ত হবে নতুন এক ভ্রমণ-অভিজ্ঞতা। তাঁতের শব্দ, গ্রামের পরিবেশ, কারিগরদের কাজ কাছ থেকে দেখা এবং নিজের পছন্দের শাড়ি সংগ্রহ মিলে সফরটি হয়ে উঠতে পারে আরও স্মরণীয়।

/এমএএল/
সম্পর্কিত
বিদেশি পর্যটকদের জন্যও বিনামূল্যে ইংল্যান্ডের জাতীয় জাদুঘর
পিরামিড দেখতে বিদেশ নয়, ছুটে যান নারায়ণগঞ্জে
ইউরোপে রৌদ্রোজ্জ্বল শরতের ছুটিতে সমুদ্রতীরে নিরিবিলি অবকাশ
সর্বশেষ খবর
শাহরুখের দৃষ্টিতে সুখী দাম্পত্যের মন্ত্র কী?
শাহরুখের দৃষ্টিতে সুখী দাম্পত্যের মন্ত্র কী?
মিষ্টির আসন শূন্য ঘোষণা
মিষ্টির আসন শূন্য ঘোষণা
শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে এবার! 
শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে এবার! 
সাংবাদিক মোজাম্মেল বাবুর চিকিৎসার সর্বশেষ প্রতিবেদন দাখিলের নির্দেশ
সাংবাদিক মোজাম্মেল বাবুর চিকিৎসার সর্বশেষ প্রতিবেদন দাখিলের নির্দেশ
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?