যুক্তরাষ্ট্রে বিমানভাড়া বাড়ছে। ভোক্তা মূল্যসূচকের তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্টে দেশটিতে বিমানভাড়া আগের বছরের একই সময়ের তুলনায় গড়ে ২৪ শতাংশ বেশি ছিল। ছুটির মৌসুমে এই চাপ আরও বেড়েছে। হপারের তথ্য বলছে, গত বছরের তুলনায় এবার থ্যাঙ্কসগিভিংয়ের সময় অভ্যন্তরীণ ফ্লাইটের ভাড়া ৩১ শতাংশ বেড়েছে।
জ্বালানির দাম বৃদ্ধি, যাত্রী চাহিদা এবং বাজারে কম ভাড়ার এয়ারলাইনসের সংখ্যা কমে যাওয়াকে এর অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে দেউলিয়া হয়ে স্পিরিট এয়ারলাইনস বন্ধ হয়ে যাওয়ার পর কম ভাড়ার প্রতিযোগিতা কমেছে। সিরিয়ামের বিশ্লেষণে দেখা গেছে, স্পিরিট আগে পরিচালনা করতো এমন ১ হাজার ১২৬টি রুটের ৯০ শতাংশের বেশি রুটে পরবর্তী এক বছরে ভাড়া বেড়েছে। এসব রুটে মধ্যম ভাড়া বেড়েছে ২৫ দশমিক ৩ শতাংশ।
তবে সব রুটে প্রভাব সমান নয়। ক্লিভল্যান্ড-লাস ভেগাস রুটে আটটি এয়ারলাইনসের গড় ভাড়া এক বছরে প্রায় ১৯২ ডলার থেকে বেড়ে ২৭২ ডলারে উঠেছে। ডেট্রয়েটেও স্পিরিটের সাবেক ৪২টি রুটে মধ্যম ভাড়া ১২৫ ডলার থেকে বেড়ে ২২৭ ডলারে দাঁড়িয়েছে।
স্পিরিটের বিকল্প হিসাবে ফ্রন্টিয়ার, অ্যালিজিয়েন্ট, ব্রিজ, অ্যাভেলো ও সান কান্ট্রির মতো কম ভাড়ার এয়ারলাইনস বিবেচনা করতে পারেন। তবে এসব সংস্থায় লাগেজ, আসন নির্বাচন বা খাবারের জন্য অতিরিক্ত ফি থাকতে পারে। তাই টিকিটের মূল দামের সঙ্গে সব ফি মিলিয়ে মোট খরচ তুলনা করা জরুরি। বড় এয়ারলাইনসগুলোর বেসিক ইকোনমি টিকিট ও সাবস্ক্রিপশন সুবিধাও খতিয়ে দেখা দরকার।
কম দামে টিকিট পেতে ভ্রমণের তারিখ ও গন্তব্যে নমনীয় থাকা গুরুত্বপূর্ণ। গোয়িং ডটকমের পরামর্শ অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে এক থেকে তিন মাস এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে দুই থেকে আট মাস আগে টিকিট খোঁজা শুরু করুন। মঙ্গলবার ও শনিবারের মতো তুলনামূলক কম ব্যস্ত দিনের ফ্লাইটেও ভাড়া কম পাওয়ার সম্ভাবনা থাকে।
এ ছাড়া আগের ভ্রমণের ক্রেডিট বা জমিয়ে রাখা ভ্রমণ পয়েন্ট ব্যবহার করেও খরচ কমানো যায়। ফলে টিকিট কাটার আগে একাধিক এয়ারলাইনস, রুট, ভ্রমণের তারিখ ও অতিরিক্ত ফি তুলনা করাই হতে পারে সাশ্রয়ের সবচেয়ে কার্যকর উপায়।
সূত্র: দ্যা নিউ ইয়র্ক টাইমস