হাজার ফুট উঁচুতে টং দোকান

আতিক হাসান শুভ
০৮ অক্টোবর ২০২২, ১৪:৪৪আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১৪:৫৭

চট্টগ্রামের সীতাকুণ্ড বাজার থেকে চার কিলোমিটার দূরে মনোমুগ্ধকর চন্দ্রনাথ পাহাড়। এর উচ্চতা আনুমানিক ১ হাজার ২০ ফুট। পাহাড়ের ওপরে হাজারো প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছপালা। চন্দ্রনাথ পাহাড়ের অপরূপ সৌন্দর্য প্রকৃতিপ্রেমীদের বিমোহিত করে।

চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য রয়েছে দুটি পথ। উঁচু-নিচু ভাঙা সিঁড়ি বেয়ে চূড়ায় উঠতে ন্যূনতম দুই ঘণ্টা লাগে। প্রায় দেড় ঘণ্টা হাঁটার পর ৯০০ ফুট ওপরে পাহাড়টির অন্যতম আকর্ষণ শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দিরের দেখা মেলে।  মন্দিরের সামনে হাজারও মানুষের আবেগ-অনুভূতি চিঠির আকারে ঝুলে আছে গাছের ডালে। এখানে প্রতিবছর শিবরাত্রিতে বিশেষ পূজা-অর্চনা হয়। ভারত, নেপাল, ভুটান, থাইল্যান্ডসহ পৃথিবীর বিভিন্ন দেশের সাধু-ভক্তরা এসে অংশ নেন এতে। পূজাকে কেন্দ্র করে সীতাকুণ্ডে বিশাল মেলার আয়োজন করা হয়।

চন্দ্রনাথ পাহাড়ের পথে টং দোকান (ছবি: বাংলা ট্রিবিউন)

বিরূপাক্ষ মন্দির থেকে ১৫০ ফুট দূরেই শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির। এটি চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত। মন্দির থেকে ১৫০ ফুট রাস্তার প্রায় ১০০ ফুট খাড়া পাহাড় বেয়ে উঠতে হয়। ফলে সাবধানতার মার নেই!

চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে একদিকে সমুদ্র আর অন্যদিকে পাহাড়ি নির্জনতা বেশ উপভোগ্য। উঁচু-নিচু পাহাড়ের প্রাকৃতিক দৃশ্যের মুগ্ধতায় প্রশান্তিতে মনপ্রাণ জুড়িয়ে যায়। ভ্রমণে দর্শনার্থীদের ক্লান্তি ও অবসাদ দূর করতে পাহাড়ের ওপর রয়েছে কয়েকটি টং দোকান। ভ্রমণপিপাসুদের তৃষ্ণা মেটাতে এগুলোর জুড়ি মেলা ভার।

চন্দ্রনাথ পাহাড়ের পথে টং দোকান (ছবি: বাংলা ট্রিবিউন)

ভূপৃষ্ঠ থেকে হাজার ফুট উঁচুতে টং দোকানদার মো. আবুল কাশেম (৬৫) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১৯৯১ সাল থেকে এখানে দোকানদারি করি। প্রায় ৩২ বছর হয়ে গেলো। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে চলে আসি। সন্ধ্যায় ফিরে যাই। জীবনের বেশিরভাগ সময় এই পাহাড়ে কেটেছে আমার। এখানকার আশেপাশের অনেক গাছপালা আমার সঙ্গে বেড়ে উঠেছে। যতদিন এই পাহাড়ে ওঠার শক্তি সামর্থ্য থাকবে ততদিন এখানে দোকান করে যাবো।’

দোকানি আরও জানান, চন্দ্রনাথ পাহাড়ে ব্যবসা করার সবচেয়ে ভালো সুবিধা হলো বাকি দিতে হয় না। এখানে সবসময় নতুন নতুন পর্যটক আসে। সবাই নগদ টাকা দিয়ে কিনে খায়। তার দোকানে পাহাড়ি ফলমূল, হালকা নাশতা ও তৃষ্ণা মেটানোর জন্য পানীয় বিক্রি করা হয়। তবে শীতকালে চা-ও পাওয়া যায়। এখানে সবকিছুর দাম স্বাভাবিক মূল্যের চেয়ে ৫-১০ টাকা বেশি রাখতে হয়। কারণ বাড়তি মজুরি দিয়ে জিনিসপত্র পাহাড়ে ওঠাতে হয়।

চন্দ্রনাথ পাহাড়ের পথে টং দোকান (ছবি: বাংলা ট্রিবিউন)

চন্দ্রনাথ পাহাড়ের আরেক দোকানি শাহ এমরান (৫৬) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার দোকান ভূপৃষ্ঠ থেকে ৯০০ ফুট ওপরে। আগের চেয়ে এখন পাহাড়ে দোকানের সংখ্যা বেড়েছে। বছর পাঁচেক আগেও পুরো পাহাড় খুঁজে চার-পাঁচটা দোকান পাওয়া যেত না। এখানে মোটামুটি ভালো বেচাকেনা হয়। তবে সবচেয়ে বেশি পর্যটক আসে ছুটির দিন শুক্রবারে। তাছাড়া শীতকালেও ভালো জনসমাগম হয়।’

শাহ এমরানের কথায়, ‘আমার পরিবার চালানোর একমাত্র মাধ্যম পাহাড়ের এই দোকান। শুরুর দিকে পাহাড়ে নিয়মিত উঠতে পা ব্যথা হয়ে ফুলে যেত। কিন্তু এখন আর সেই সমস্যা হয় না। এখন নিয়মিত পাহাড়ে ওঠা অভ্যাস হয়ে গেছে।’

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী