রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ি ঢাল সড়কে ব্যাটারিচালিত রিকশার চাপায় মোছা. নওরিন (আড়াই) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্বজনরা।
শিশুটির বাবা ভ্যানচালক নাজিম মিয়া জানান, বিকালে তিনি বাসা থেকে কাজে বের হচ্ছিলেন। এ সময় মেয়ে নওরিনও বাইরে যাওয়ার বায়না ধরে। পরে স্ত্রী শিরিনা বেগম, ছোট ছেলে সজীব ও নওরিনকে নিয়ে তিনি বাসা থেকে বের হন। একপর্যায়ে নওরিন তার হাত ছাড়িয়ে সামনে চলে গেলে বেগুনবাড়ি ঢাল সড়কে দ্রুতগতির একটি ব্যাটারিচালিত রিকশা তাকে চাপা দেয়। এতে সে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়।
পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
নওরিন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাদারের চর গ্রামের বাসিন্দা ভ্যানচালক নাজিম মিয়ার মেয়ে। বর্তমানে পরিবারটি রাজধানীর বেগুনবাড়িয়া এলাকায় বসবাস করত। দুই ভাই ও এক বোনের মধ্যে নওরিন ছিল দ্বিতীয়।









