নদীতে পড়ে নিখোঁজ হওয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি মো. সাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টা ৩ মিনিটে তার মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে স্পিডবোটের রক্ষণাবেক্ষণের সময় অসাবধানতাবশত নদীতে পড়ে যান ডুবুরি মো. সাদিক। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল, বিআইডব্লিউটিএ, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি টিম যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।
দীর্ঘ অনুসন্ধানের পর সন্ধ্যা ৭টা ০৩ মিনিটে মানিকগঞ্জের আরিচা স্থল নদী ফায়ার স্টেশনের (সংযুক্ত টঙ্গী ফায়ার স্টেশন) ডুবুরি মেরাজ আলী নিখোঁজ ডুবুরি সাদিকের মরদেহ উদ্ধার করেন।
মো. সাদিকের জন্ম ২০০১ সালের ১০ অক্টোবর রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমরাকান্দি গ্রামে। তার বাবা আশরাফ শেখ এবং মা লিলি বেগম। তিনি বিবাহিত ছিলেন।
২০২১ সালের ২৪ অক্টোবর বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন সাদিক। কর্মজীবনে তিনি নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে ডুবুরি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিভিন্ন উদ্ধার অভিযানে সাহসিকতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় রাষ্ট্রীয় পদকেও ভূষিত হন তিনি।









