অনলাইনে কনসার্টের টিকিট বিক্রির নামে প্রতারণামূলক প্রচারণা ও তথ্যপ্রযুক্তির অপব্যবহারের অভিযোগে এক ফেসবুক গ্রুপের অ্যাডমিনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃত মো. বখতিয়ার আবিদ খানের (২১) বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা রয়েছে।
শনিবার (১৮ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার ঢাকার মালিবাগের চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে বখতিয়ার আবিদ খানকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি আইফোন জব্দ করা হয়েছে।
সিআইডি জানায়, আগামী ২৪ জুলাই পূর্বাচলের ৩০০ ফিট ক্রিকেটার্স একাডেমিতে জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্ট আয়োজন করছে “ইভেন্ট সাজাই” ও “মেইন স্টেজ ইনক”। কনসার্টের টিকিট বিক্রির জন্য আয়োজকরা “গেট মাই টিকিট ডট লাইভ”-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গত ৮ জুলাই থেকে প্রচারণা শুরু করে।
এ সময় আয়োজকদের নজরে আসে, বাংলাদেশ কনসার্ট অ্যান্ড ইভেন্ট কানেক্টস নামের একটি ফেসবুক গ্রুপে বিভিন্ন আইডি থেকে আগে বাতিল হওয়া একটি কনসার্টের টিকিটের ছবি ব্যবহার করে আসন্ন কনসার্টের টিকিট বিক্রির বিজ্ঞাপন ও পোস্ট দেওয়া হচ্ছে।
মামলার অভিযোগের বরাতে সিআইডি জানায়, বিষয়টি নিয়ে গ্রুপটির অ্যাডমিন বখতিয়ার আবিদ খানের সঙ্গে যোগাযোগ করলে তিনি পোস্ট অপসারণের পরিবর্তে এক লাখ টাকা দাবি করেন। অভিযোগে বলা হয়, টাকা না দিলে তিনি এ ধরনের পোস্ট অনুমোদন অব্যাহত রাখবেন এবং আয়োজক প্রতিষ্ঠান “ইভেন্ট সাজাই” ও “মেইন স্টেজ ইনক” এর ব্যবসায়িক ক্ষতি ও সুনামহানির চেষ্টা করবেন বলে হুমকি দেন।
এ ঘটনায় কনসার্টের আয়োজক নিশা মাহবুবা সালাম বাদী হয়ে গত ১৫ জুলাই রাজধানীর পল্টন থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন।
মামলার তদন্তভার পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে সিআইডি। পরে মালিবাগের চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।









